ঢাকা মেট্রোরেল লাইন-১: ঠিকাদার নিয়োগ ও কাজ বণ্টন নিয়ে বিতর্ক, কৌশলগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

এসএস হক

২৮ অক্টোবর, ২০২৬

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ প্রকল্পের বিভিন্ন প্যাকেজের ঠিকাদার নিয়োগ, কাজের বণ্টন এবং বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ নিয়ে খোদ সংশ্লিষ্ট প্রকৌশল ও কৌশলগত মহলে নানামুখী আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কারিগরি দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ প্যাকেজগুলোতে নির্দিষ্ট কিছু দেশের একক আধিপত্য ও কোম্পানির ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা।

লার্সেন অ্যান্ড ট্যুব্রো (L&T)-র বিশাল কাজ ও নিরাপত্তা সংশয়

প্রকল্পের ছয়টি প্রধান প্যাকেজের মধ্যে দুটিতে (CP-09 এবং CP-10) প্রায় ১.৪১ বিলিয়ন ডলারের বিশাল কাজের দায়িত্ব পেয়েছে ভারতীয় বহুজাতিক কোম্পানি লার্সেন অ্যান্ড ট্যুব্রো (L&T)। সংশ্লিষ্ট সূত্র মতে, এর আগে বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে (যেমন: সিকলবাহা, ভেড়ামারা, বিবিয়ানা-৩ ও বিবিয়ানা সাউথ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র) কাজ করলেও একক কোনো প্রকল্পে এত বড় অঙ্কের কাজ কোম্পানিটি কখনোই পায়নি।

প্রকৌশল ও নির্মাণ কাজের বাইরেও ভারতে কোম্পানিটির ‘প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টর’ হিসেবে বড় পরিচিতি রয়েছে। ব্রহ্মস সুপারসনিক মিসাইলের লঞ্চ প্ল্যাটফর্ম, পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার এবং ফ্রেঞ্চ কোম্পানির সাথে যৌথ উদ্যোগে অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল ও সামরিক রাডার তৈরির মতো স্পর্শকাতর কাজের অভিজ্ঞতা রয়েছে L&T-র। বাংলাদেশের মেট্রোরেলের মতো একটি গুরুত্বপূর্ণ ‘কী পয়েন্ট ইনস্টলেশন’ (KPI)-এর সিগন্যালিং ও টেলিকমিউনিকেশনের মতো প্রযুক্তিগত ও সংবেদনশীল খাতের একক দায়িত্ব এমন একটি সংস্থাকে দেওয়া নিয়ে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তুলছেন অনেকেই।

প্যাকেজভিত্তিক বৈষম্য ও খরচের তারতম্য

লাইন-১-এর ছয়টি প্যাকেজের (CP-02, CP-04, CP-06, CP-07, CP-09, CP-10) কাজ চীন, জাপান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন কোম্পানির মধ্যে বণ্টন করা হয়েছে। তবে এই বণ্টনে ভারসাম্যহীনতা ও ব্যয়ের অসামঞ্জস্যতা প্রকাশ পেয়েছে:

• প্রযুক্তিগত একক আধিপত্য: অধিকাংশ প্যাকেজ কনসোর্টিয়াম বা যৌথ উদ্যোগে পরিচালিত হলেও প্রযুক্তিগতভাবে অত্যন্ত সংবেদনশীল ৫২০ মিলিয়ন ডলারের CP-10 প্যাকেজটিতে (সিগন্যালিং, টেলিকমিউনিকেশন ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর) লার্সেন অ্যান্ড ট্যুব্রো-কে এককভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি CP-09 প্যাকেজে জাপানের সুমিতোমো কর্পোরেশনের সাথে যৌথ উদ্যোগ থাকলেও সিংহভাগ কাজই করবে ভারতীয় কোম্পানিটি।

• বাজেটের অতিরিক্ত ব্যয়: নাড্ডা থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারগ্রাউন্ড রেললাইন নির্মাণের CP-06 প্যাকেজে জাপানের নিশিমাতসু ও টোডা কর্পোরেশন কনসোর্টিয়াম সরকারের প্রস্তাবিত মূল প্রাক্কলিত বাজেটের চেয়ে প্রায় ৩২% বেশি মূল্য ধরা সত্ত্বেও কাজ পেয়েছে।

• অভিজ্ঞতার অবমূল্যায়ন: আন্ডারগ্রাউন্ড ট্যানেল ও মেগা রেললাইন নির্মাণে বৈশ্বিক স্তরে অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ চীনের সিআরইসি (CREC)-এর মতো কোম্পানিকে আন্ডারগ্রাউন্ডের মূল কাজগুলো থেকে দূরে রাখা হয়েছে। তাদের দেওয়া হয়েছে মাত্র ২০৪ মিলিয়ন ডলারের ফ্লাইওভার নির্মাণের কাজ। অপরদিকে, অপর চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রোকে দেওয়া হয়েছে কেবল ট্রেন রাখার শেড বা ডিপো নির্মাণের (CP-02) দায়িত্ব।

কৌশলগত ও ভূ-রাজনৈতিক উদ্বেগ

বিশেষজ্ঞদের একাংশের মতে, আন্ডারগ্রাউন্ড মেগা প্রজেক্টের মতো সংবেদনশীল অবকাঠামোতে প্রযুক্তি ও বাস্তবায়নের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আঞ্চলিক জোট বা দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা দীর্ঘমেয়াদে কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। কোয়ালিফাইড ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষ কোম্পানি থাকা সত্ত্বেও কাজের বণ্টনে মেধার চেয়ে ভূ-রাজনৈতিক সমীকরণ ও লবিং প্রাধান্য পেয়েছে কি না, তা নিয়ে খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। দেশের টেকসই যোগাযোগ অবকাঠামো ও সাইবার নিরাপত্তার সুরক্ষায় এই ধরনের মেগা প্রকল্পে আরও স্বচ্ছতা এবং কৌশলগত ভারসাম্য বজায় রাখা জরুরি বলে মনে করছেন বিশ্লেষক মহল।