এনায়েত উল্লাহ আব্বাসীর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিলেটে সিসকপের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
ইসলামী বক্তা এনায়েত উল্লাহ আব্বাসী কর্তৃক সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য, নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যা এবং দোয়ারাবাজারের সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সিলেটে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ’ (সিসকপ)-এর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
সিসকপের সভাপতি সাংবাদিক সুনির্মল সেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী সিলেটের বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাসের পরিচালনায় মানববন্ধনে সিলেটের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট ব্যুরো প্রধান মোশাররফ হোসেন খান অমিত, দৈনিক কাজিরবাজারের বিশেষ প্রতিনিধি শাহান আহমদ চৌধুরী, সাপ্তাহিক বিশ্বমিডিয়ার সিলেট ব্যুরো প্রধান আলমগীর হোসেন শাহীন, দৈনিক বাংলার মুক্তাঙ্গনের তুষার চৌধুরী, দৈনিক বিকাল বার্তার সিলেট ব্যুরো প্রধান আব্দুল আলিম রানা এবং দৈনিক প্রলয়ের সিলেট প্রতিনিধি আব্দুর রাজ্জাক শাওন। এছাড়াও বিশ্বমিডিয়ার প্রতিনিধি জয়দ্বীপ চক্রবর্তী, সিলেট বুলেটিনের সম্পাদক ও জাতীয় দৈনিক আইন বার্তার সিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার প্রতিনিধি মঈন উদ্দিন, দৈনিক প্রভাত বেলার মাল্টিমিডিয়া রিপোর্টার মো. ফখর উদ্দিন, দৈনিক নাগরিক ভাবনার তৌফিকুর রহমান হাবিব, কবি কামাল আহমদ, দৈনিক সোনালী সিলেটের শাহিন আহমদ ও আব্দুল ওয়াহিদ, সাংবাদিক মিজানুর রহমান, উজ্জ্বল আহমদ এবং জুলাই আন্দোলনের যোদ্ধা আব্দুশ শহীদ খানসহ আরও অনেকে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসার ওয়াজ মাহফিলে এনায়েত উল্লাহ আব্বাসী সাংবাদিকদের উদ্দেশ্যে যে অশালীন ও অবমাননাকর বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এমন দায়িত্বশীল জায়গা থেকে গণমাধ্যমকর্মীদের নিয়ে কটূক্তি করায় সারা দেশের সাংবাদিক সমাজ আজ ক্ষুব্ধ ও মর্মাহত। সাংবাদিক নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে এনায়েত উল্লাহ আব্বাসীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
সমাবেশ থেকে সাংবাদিকরা দেশে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে পেশাগত দায়িত্ব পালনে সব ধরনের বাধা ও হয়রানি বন্ধ করাসহ নেত্রকোনা ও দোয়ারাবাজারে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।








