জৈন্তাপুর সীমান্তে বিজিবির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ভাবমূর্তি ক্ষুণ্ণের শঙ্কা

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (১৯ বিজিবি) নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র চোরাকারবারিদের কাছ থেকে চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার গিলাতৈল ও খলাবন সীমান্ত এলাকায় সক্রিয় কথিত ‘শংকর সিন্ডিকেট’-এর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এই প্রতারক চক্রের কর্মকাণ্ডে সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনীটির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অভিযুক্ত চক্রটি চোরাকারবারিদের কাছে নিজেদের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) ‘লাইনম্যান’ হিসেবে পরিচয় দেয়। বিজিবির টহল দল কখন কোন দিকে অভিযান পরিচালনা করবে, সেই সংক্রান্ত আগাম তথ্য তারা চোরাকারবারিদের কাছে পৌঁছে দেয়।

অভিযোগ রয়েছে, ভারত থেকে অবৈধভাবে আসা পণ্য নিরাপদে পারাপারের জন্য চক্রটি ‘লাইন ক্লিয়ার’ সংকেত দেয় এবং এর বিনিময়ে প্রতিটি চালান থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে। ফলে বিজিবি চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করলেও ভেতর থেকে তথ্য পাচার হওয়ায় চোরাচালান পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, বিজিবির নাম ভাঙিয়ে অর্থ আদায়ের কারণে সাধারণ মানুষের মধ্যে বাহিনীটি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘১৯ বিজিবি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালাচ্ছে। কিন্তু কিছু দালাল ও সিন্ডিকেট বাহিনীর নাম বিক্রি করে চাঁদাবাজি করায় বিজিবির ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’

সীমান্তে বাহিনীর গতিবিধির তথ্য পাচার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মনে করছেন এলাকাবাসী। তাই সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখতে কথিত ‘শংকর সিন্ডিকেট’-এর সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।