সিলেটে মেহমান রেস্তোরাঁয় তরুণ-তরুণীর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, গ্রেপ্তার ২

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় খেতে আসা দুই তরুণ-তরুণীর গোপনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় পরিচয় উল্লেখসহ প্রচারের অভিযোগে রেস্টুরেন্টটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার (২৫ অক্টোবর) রাতে নগরীর কাজিটুলা ও জিন্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি থানা-পুলিশের যৌথ দল তাঁদের আটক করে। সোমবার (২৬ অক্টোবর) ভুক্তভোগী যুবকের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাফনাউট পূর্বদীঘির পাড় এলাকার বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামের মো. সামছুল আমীন (২৭)। তাঁরা দুজনই জিন্দাবাজারের ‘মেহমান রেস্টুরেন্ট’-এর কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে ভুক্তভোগী তরুণ তাঁর এক বান্ধবীকে নিয়ে জিন্দাবাজারের ওই রেস্তোরাঁয় যান। সেখানে অবস্থানকালে রেস্তোরাঁর কর্মচারীরা গোপনে তাঁদের ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও আইডিতে তাঁদের হিন্দু মুসলিম ধর্মীয় পরিচয় ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পোস্ট ছড়ানো হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রাহকের গোপনীয়তা লঙ্ঘন ও সাইবার মাধ্যমে ধর্মীয় উসকানি ছড়ানোর সুনির্দিষ্ট অভিযোগে গোয়েন্দা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।