ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা: ‘সিসকপ’র তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি
নিজেস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সংবাদকর্মীর ওপর ইন্টার্ন চিকিৎসকদের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ‘সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ’ (সিসকপ)। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
জানা যায়, গত বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য ও ছবি সংগ্রহ করতে যান দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। এ সময় কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ওই দুই সাংবাদিক রক্তাক্ত ও গুরুতর আহত হন।
এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক যৌথ বিবৃতি দিয়েছেন সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন এবং সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী সিলেটের বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাস।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক ও স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তথ্য সংগ্রহে বাধা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও তাঁদের স্বজনদের সাথে দুর্ব্যবহার এবং মারধরের অভিযোগ প্রায়ই শোনা যায়। গণমাধ্যমকর্মীরা যাতে এসব অনিয়মের তথ্য ও প্রমাণ ক্যামেরাবন্দী করতে না পারেন, সেই উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে কি না—তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। চিকিৎসাসেবার মতো মানবিক পেশায় নিয়োজিত ব্যক্তিদের কাছ থেকে এমন হিংস্র আচরণ কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে সিসকপ নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর এই হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিকের জানার অধিকারকে খর্ব করার অপচেষ্টা। হাসপাতালের ভেতরে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতা অত্যন্ত দুঃখজনক।
অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ইন্টার্ন চিকিৎসকদের চিহ্নিত করে গ্রেপ্তার, আহত সাংবাদিকদের চিকিৎসাসেবা ও নিরাপত্তা নিশ্চিত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি। একই সাথে ভবিষ্যতে কর্মস্থলে সাংবাদিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।








