তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া তাহসিফের মরদেহে আঘাতের চিহ্ন নেই, ছিল পেট ফোলা
বিশেষ প্রতিবেদক:
তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর নাক দিয়ে রক্ত বের হওয়া এবং পেট ফোলা থাকার তথ্য উঠে এসেছে পুলিশের সুরতহাল প্রতিবেদনে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান মরদেহের এই সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় সাক্ষীদের উপস্থিতিতে তাহসিফের মরদেহ শনাক্ত করেন তাঁর খালাতো ভাই জহির হাসান। আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই সাবেক কর্মকর্তার মুখমণ্ডল গোলাকার এবং মুখে ছোট ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। সুরতহালের সময় তাঁর চোখ ও মুখ বন্ধ এবং দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো অবস্থায় মুষ্টি খোলা পাওয়া যায়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তাহসিফের বুক, পিঠ ও দুই পা স্বাভাবিক থাকলেও পেট ফোলা ছিল। তবে শরীরের কোথাও কোনো ধরনের আঘাতের দাগ মেলেনি।
এর আগে, গত বুধবার বিকেলে টঙ্গী নৌ-পুলিশের একটি দল তুরাগ নদ থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নৌ-পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর সঠিক কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না । ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলেই তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।








