২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজান শুরু হতে পারে। সেই হিসেবে, লুনার বা চন্দ্র মাসের স্থায়িত্বের ওপর ভিত্তি করে আগামী ৯ বা ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র চারটি চন্দ্র মাস বাকি রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, যদি রমজান মাস ২৯ দিনের হয় তবে ঈদুল ফিতর ৯ মার্চ অনুষ্ঠিত হতে পারে। আর যদি রোজা ৩০টি পূর্ণ হয়, তবে ১০ মার্চ ঈদ উদযাপিত হবে।
তবে প্রতি বছরের মতো এবারও চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত ও আনুষ্ঠানিক তারিখ নির্ধারণ করবেন সংশ্লিষ্ট ধর্মীয় ও সরকারি কর্তৃপক্ষ।








