সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান শ্রমমন্ত্রীর
বিশেষ প্রতিবেদক, সিলেট:
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতিকে আমাদের আরও সুদৃঢ় করতে হবে। দেশকে সুন্দর ও শান্তির দেশে পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে।”
মঙ্গলবার (২০ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার ত্রিনয়নী শিববাড়ী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
শারদীয় দুর্গোৎসব উদযাপনের পরিবেশ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনে সব ধরনের সহযোগিতা প্রদান করছে। সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকা এবং দায়িত্বপ্রাপ্ত জেলায় পূজার আয়োজন সুশৃঙ্খল রাখতে মাঠপর্যায়ে কাজ করছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আগের বছরের তুলনায় এবার অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, “গতকাল সিলেটের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছি এবং আজ মৌলভীবাজারে এসেছি। সনাতন ধর্মাবলম্বীরা যেন ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী এবার অতিরিক্ত সহযোগিতা প্রদান করেছেন।” এ সময় তিনি বাংলাদেশি হিসেবে সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি আরও সমৃদ্ধ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
ত্রিনয়নী শিববাড়ী মন্দির পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আবদুর রহমান রিপন, সিনিয়র সদস্য এম এ মুকিত এবং মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মন্দির কমিটির প্রতিনিধি ও দর্শনার্থীরা এতে অংশ নেন।
ত্রিনয়নী শিববাড়ী মন্দির পরিদর্শন শেষে মন্ত্রী মৌলভীবাজার সদর এলাকার শ্রীশ্রী নতুন কালীবাড়ি মন্দির ও মহেশ্বরী পূজামণ্ডপও পরিদর্শন করেন।








