মহা অষ্টমীতে দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত: হাজারো ভক্তের সমাগম

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

ধারাবাহিক ধর্মীয় আচার, উৎসবমুখর পরিবেশ ও হাজারো পূণ্যার্থীর উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে সিলেটে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে সিলেট সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার জৈনপুরস্থিত ঐতিহাসিক শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠস্থান সংলগ্ন দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মের অন্যতম প্রধান আকর্ষণ ‘কুমারী পূজা’।

শাস্ত্রীয় বিধান অনুযায়ী, দেবীর শুদ্ধ বালিকা মাতৃরূপী প্রতিমা হিসেবে এ বছর পূজিত হন ৭ বছর বয়সী সানন্দা চক্রবর্তী। ৫১ পীঠের অন্যতম এই সতীপীঠ স্থানটিতে পীঠস্থান পরিচালনা কমিটির উদ্যোগে মহাসমারোহে এ পূজার আয়োজন করা হয়।

ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ১০টা বাজতেই বৈদিক মন্ত্রোচ্চারণ, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা পরিচালনা করেন পুরোহিত হরিনারায়ণ চক্রবর্তী। পূজার পূর্বে দেবী রূপের প্রতীক কুমারীকে ঐতিহ্যবাহী বস্ত্র, প্রসাধনী ও অলঙ্কারে সজ্জিত করা হয়। কপালে অংকিত রক্তবর্ণ ‘ত্রিনয়ন’ এবং শ্বেতশুভ্র ফুলের মালা ও রক্তজবায় সুশোভিত হয়ে কুমারী আসনে অধিষ্ঠান করেন দেবী অন্নপূর্ণা রূপী সানন্দা। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই আরাধনায় ভক্তরা পরম শ্রদ্ধায় মাতৃরূপের কৃপা প্রার্থনা করেন।

প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পূণ্যার্থী জৈনপুর, শিববাড়ী ও চান্দাইসহ সংলগ্ন এলাকায় ভিড় জমান। ভক্তদের জয়ধ্বনিতে এক আধ্যাত্মিক ও মোহনীয় পরিবেশের সৃষ্টি হয়।

শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠস্থান পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নারায়ন চক্রবর্তী, বিজয় কুমার দেব বুলু, অ্যাডভোকেট চন্দন দাশ, অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, যুগ্ম সম্পাদক প্রমথ দাশ, নিপেশ কান্ত দেব পিযুষ, কোষাধ্যক্ষ সঞ্জিত কুমার করসহ পরিচালনা পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দ।

উৎসবকালীন সময়ে পূজা মণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস ও তাঁর সহধর্মিনী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্যের সহধর্মিনী দিলারা মালিক। এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও স্থানীয় বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উৎসবটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল প্রশাসনিক সংস্থা, সুশীল সমাজ ও ভক্তবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।