সিলেটে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সিসিক প্রশাসক: ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

জে.ডি চক্রবর্তী, সিলেট থেকে–

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নগরবাসীকে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব উপলক্ষ্যে সিসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক বলেন, “সিলেট চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে লালিত একটি শহর। এখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘ দিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নিয়ে একসঙ্গে বসবাস করে আসছেন। সবাই মিলেমিশে ধর্মীয় উৎসবগুলো উদযাপন করাই আমাদের সংস্কৃতি। এই সম্প্রীতির ঐতিহ্যকে আরো সুদৃঢ় ও অক্ষুণ্ণ রাখতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

পূজামণ্ডপে আসা দর্শনার্থী ও পুণ্যার্থীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের ওপর বিশেষ জোর দিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, উৎসব চলাকালে কোনো ধরনের প্রযুক্তিগত বা প্রশাসনিক সহায়তার প্রয়োজন হলে সিসিক তাৎক্ষণিক পদক্ষেপ নেবে। যে কোনো প্রয়োজনে সিটি করপোরেশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য পূজা উদযাপন কমিটির প্রতি অনুরোধ জানান তিনি।

পরিদর্শনকালে সিসিক প্রশাসক নগরীর ১১ নম্বর ওয়ার্ডের তিন মন্দির, ১২ নম্বর ওয়ার্ডের বিমলেন্দু দাস সাধু বাবুর বাড়ির পূজামণ্ডপ, ৮ নম্বর ওয়ার্ডের শ্রীশ্রী কালীবাড়ী ও শ্রীশ্রী লোকনাথ মন্দিরসহ একাধিক মণ্ডপ ঘুরে দেখেন। তিনি মণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আলোকসজ্জা, পুণ্যার্থীদের উপস্থিতি ও প্যান্ডেল ব্যবস্থাপনার খোঁজখবর নেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা কমিটির নেতৃসংঘের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সিসিক প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।