পরিবেশবান্ধব অর্থায়নে নতুন অধ্যায়: ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক
এসএস হক:
দেশের ব্যাংকিং খাতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ১ হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি। মূলত পরিবেশবান্ধব ও টেকসই নানা প্রকল্পে অর্থায়নের লক্ষ্যেই বিশাল অঙ্কের এই বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের ব্যাংকটি।
সোমবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান। ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ ব্যাংকের প্রণীত ‘গ্রিন বন্ড নীতিমালা’ অনুযায়ী সম্পূর্ণ নিয়ম মেনে এই বন্ড ছাড়া হচ্ছে। এই বন্ড বিক্রির মাধ্যমে সংগৃহীত তহবিল মূলত নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়ন, পরিবেশবান্ধব (গ্রিন) ভবন নির্মাণ এবং বিভিন্ন শিল্প খাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধির নানা উদ্যোগে ব্যবহার করা হবে।
৩ বছর মেয়াদি এই গ্রিন বন্ডটি হবে রূপান্তর-অযোগ্য (নন-কনভার্টেবল) এবং মেয়াদ শেষে সম্পূর্ণ পরিশোধযোগ্য (ফুললি রিডিমেবল)। এটি মূলত এমন এক ধরনের আর্থিক মাধ্যম, যা একদিকে পরিবেশগতভাবে টেকসই প্রকল্পে তহবিল জোগানে ভূমিকা রাখে, অন্যদিকে বিনিয়োগকারীদের জন্য নিশ্চিত ও নিয়মিত আয়ের সুযোগ তৈরি করে।
এর আগে গত ২৩ মে এক ডিসক্লোজারে ব্র্যাক ব্যাংক ফেস ভ্যালু বা অভিহিত মূল্যে সর্বোচ্চ ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ার পরিকল্পনার কথা প্রকাশ্যে আনে। তার দুদিন আগে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদিত হয়।
উল্লেখ্য, পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়নে ব্র্যাক ব্যাংক বেশ কিছুদিন ধরেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সৌর ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তি, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের মাধ্যমে দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাংকটি বিশেষ ঋণসুবিধা দিয়ে থাকে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ১ হাজার কোটি টাকার ‘সোশ্যাল বন্ড’ ছাড়ার জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছিল ব্র্যাক ব্যাংক। উক্ত বন্ডের অর্থ ব্যাসেল-৩ কাঠামোর অধীনে ব্যাংকের টায়ার-২ মূলধন শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।








