সাজেকে পর্যটক ও যৌথবাহিনীর ওপর ইউপিডিএফের গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

বিশেষ প্রতিবেদক 

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে পার্বত্য চট্টগ্রামভিত্তিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এ সহিংসতার ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল দ্রুত পদক্ষেপ নিয়ে সাজেকে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে উদ্ধার করে খাগড়াছড়িতে পৌঁছে দিয়েছে। যৌথবাহিনীর এই সাঁড়াশি অভিযানে ঘটনায় কেউ হতাহত হননি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করে সাজেক-বাঘাইহাট সড়কে অবরোধ সৃষ্টি করে। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেলে সাজেকে অবস্থানরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন।

উদ্বুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সকাল থেকেই সেনাবাহিনী ও পুলিশ যৌথ নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করে। সকাল আনুমানিক ১০টার দিকে গঙ্গারাম বাজার এলাকায় অবরোধকারীরা আবারও যানবাহন চলাচলে বাধা দিলে যৌথবাহিনীর টহল দল তাদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করে।

তবে আলোচনা চলাকালেই সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ইউপিডিএফের প্ররোচনায় অবরোধকারীরা আকস্মিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেন এবং পুনরায় যান চলাচল স্বাভাবিক করেন।

এর কিছুক্ষণ পরই, সকাল আনুমানিক ১১টার দিকে ইউপিডিএফের সশস্ত্র ক্যাডাররা অতর্কিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে আনুমানিক ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোঁড়ে। জবাবে সেনাটহল দল আত্মরক্ষা এবং পর্যটকদের সুরক্ষায় পাল্টা গুলি চালালে সশস্ত্র সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনীর কঠোর সুরক্ষায় আটকে পড়া সব পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

প্রাথমিক তথ্যের বরাতে জানানো হয়েছে, ইউপিডিএফ কর্তৃক এ ধরনের সড়ক অবরোধ ও সহিংসতা মূলত একটি পূর্বপরিকল্পিত ঘটনা। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কোণঠাসা হয়ে পরাক্রম হারিয়ে সশস্ত্র দলটির একটি অংশ পর্যটন এলাকাটিকে আস্তানা হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।

নিরীহ পর্যটকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং স্থানীয় বাসিন্দাদের জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করার এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।