যুক্তরাজ্যের হোম অফিসের প্রতিবেদনে স্বস্তির চিত্র: বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

এস এস হক

২০ অক্টোবর ২০২৬

২০২৪ সালের জুলাই-পরবর্তী পটপরিবর্তন এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থা ও মতপ্রকাশের স্বাধীনতার সামগ্রিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ও স্থিতিশীলতা এসেছে। যুক্তরাজ্যের হোম অফিসের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিম (CPIT) প্রকাশিত সর্বশেষ এক অনুসন্ধানী প্রতিবেদনে (Fact-Finding Report) এই ইতিবাচক চিত্র উঠে এসেছে।

চলতি বছরের ৭ থেকে ১৫ জুন পর্যন্ত বাংলাদেশে পরিচালিত একটি উচ্চপর্যায়ের ‘ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন’-এর ওপর ভিত্তি করে অক্টোবর ২০২৬-এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। মিশনটি বাংলাদেশে অবস্থানকালে সরকারি কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ (সিভিল সোসাইটি), মানবাধিকার সংস্থা, সাংবাদিক ও গবেষকদের সঙ্গে বিস্তারিত সাক্ষাৎকার গ্রহণ করে তথ্য সংগ্রহ করেছে।

স্থিতিশীল রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ

প্রতিবেদনের নির্বাহী সারসংক্ষেপে (Executive Summary) বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের গণ-আন্দোলন এবং পরবর্তীতে ২০২৬ সালের সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় সহিংসতাহীন। নির্বাচনের পর থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যকার সহিংসতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

রাজনৈতিক কর্মকাণ্ড ও স্বাধীন মতপ্রকাশের সুযোগ

যুক্তরাজ্যের হোম অফিসের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান রাজনৈতিক পরিবেশে সাধারণ মানুষ এবং বিরোধী দলগুলোর জন্য রাজনৈতিক কর্মকাণ্ড ও জনআলোচনার সুযোগ আগের চেয়ে বহুগুণ বেড়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন কোনো বাধা ছাড়াই সরকারের সমালোচনা, প্রচার-প্রচারণা এবং অবাধে সভা-সমাবেশ করতে পারছে। সাংবাদিক, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো বিগত আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় এখন অনেক বেশি স্বাধীনভাবে মতামত প্রকাশ ও নিজেদের কাজ পরিচালনা করতে পারছে বলে প্রতিবেদনে সাক্ষ্য দেওয়া হয়েছে।

২১ হাজারেরও বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার

প্রতিবেদনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো রাজনৈতিকভাবে প্রভাবিত ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার পর্যালোচনা। বিভিন্ন সূত্র মিশনকে নিশ্চিত করেছে যে, সাবেক সরকারের আমলে রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়া অধিকাংশ মানুষ ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২১ হাজারেরও বেশি রাজনৈতিক বা মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে এবং পূর্ববর্তী আমলের ঐতিহাসিক মামলাগুলোর পর্যালোচনা এখনও চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের সংস্কার

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিটিশ মিশনকে জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়েছে এবং বড় বড় ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যে দু-একটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে, তা কোনো জাতীয় সংকটের অংশ নয়; এগুলো মূলত স্থানীয় পর্যায়ে সীমিত এবং স্থানীয় প্রভাব বিস্তার, ব্যবসায়িক স্বার্থ, সম্পদ বা এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ঘটছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টিও প্রতিবেদনে গুরুত্বের সাথে পর্যালোচনা করা হয়েছে।

সামগ্রিকভাবে, যুক্তরাজ্যের হোম অফিসের এই প্রতিবেদনটি নির্দেশ করে যে, ২০২৪ সালের ঐতিহাসিক পরিবর্তনের পর বাংলাদেশ একটি ইতিবাচক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে আইনের শাসন, মানবাধিকার এবং রাজনৈতিক সহনশীলতা আগের চেয়ে সুসংহত হয়েছে।