সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ বড়ুয়া গ্রেপ্তার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে লিপ্ত থাকার দাবি পুলিশের 

বিশেষ প্রতিবেদক | ঢাকা | ১২ অক্টোবর ২০২৬

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার (১১ অক্টোবর) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দেবাশীষ কুমার বড়ুয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ।

পুলিশের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে গুলশান আরার যোগসাজশের তথ্য তাদের কাছে রয়েছে।

সেনা হেফাজতে মেজর সাদিকুল

এর আগে বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকুল ইসলাম সাদেককে হেফাজতে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগটি ছড়িয়ে পড়ার পর সেনাবাহিনী তাঁকে আটক করে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই প্রশিক্ষণ ছিল শহুরে গেরিলা কৌশলভিত্তিক। সূত্রগুলো বলছে, রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পরিকল্পনা ছিল। তবে এ বিষয়ে পুলিশ বা সেনাবাহিনীর কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পুলিশের একটি সূত্র এই গ্রুপকে “মেজর সাদিক-সুমাইয়া-গুলশান আরা চক্র” নামে অভিহিত করেছে। মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনও ওই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গুলশান আরার পরিচয়

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুলশান আরা মিরপুর বাংলা স্কুল ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কলেজে পড়াশোনা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়ন করেন। ২০০৪ সালে তিনি সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন এবং ২০০৭ সালে লেফটেন্যান্ট পদে স্বেচ্ছায় অবসর নেন। পরে তিনি বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন, ২০০৮ সালে জি৪এস (G4S)-এ মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে যোগ দেন এবং বাংলাদেশ ও দুবাইয়ে কাজ করেন। ২০২১ সালের ১ জুলাই থেকে তিনি সিকিউরিটি ৩৬০ লিমিটেডের ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) হিসেবে দায়িত্বে ছিলেন।

ছবি: (সংগৃহিত) বামে– কাজী গুলশান আরা, ডানে– দেবাশীষ কুমার বড়ুয়া।