আ’লীগের ‘টেক-সিন্ডিকেট’ ভাঙার চ্যালেঞ্জ: ভারতের ব্যান্ডউইথ নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

জয়ের নির্দেশে লাইসেন্স পেয়েছিল আরাফাত-তৌফিকদের ৩ প্রতিষ্ঠান | এডিবির লোন আটকে যাওয়ায় বিপাকে অলিগার্করা | ২০২৭-এ ‘SMW-6’ চালু হলে কমবে ভারতনির্ভরতা

এসএস হক 

বাংলাদেশের টেলিকমিউনিকেশন ও তথ্যপ্রযুক্তির মতো কৌশলগত খাতে দীর্ঘদিন ধরে চলা স্বজনপ্রীতি, সাইবার নিরাপত্তার ঝুঁকি এবং নির্দিষ্ট একটি গোষ্ঠী কেন্দ্রিক একচ্ছত্র আধিপত্যের অবসানে কঠোর পদক্ষেপের মুখোমুখি বর্তমান সরকার। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সক্ষমতার পূর্ণাঙ্গ ব্যবহার, ভারতের ওপর অতিরিক্ত ব্যান্ডউইথ নির্ভরতা হ্রাস এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় দেওয়া লাইসেন্স পর্যালোচনা এখন টেলিকম খাতের প্রধান এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে।

রাষ্ট্রায়ত্ত BSCPLC-কে নিষ্ক্রিয় রেখে ভারতনির্ভরতা

টেলিকম খাতের উপাত্ত অনুযায়ী, দেশে বর্তমানে মোট আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথের চাহিদা আনুমানিক ১৩ হাজার ৫০০ জিবিপিএস (Gbps)। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি’ (BSCPLC) তাদের বিদ্যমান SMW-4 এবং SMW-5 ক্যাবলের মাধ্যমে প্রায় ৭ হাজার ২০০ জিবিপিএস সরবরাহ করতে সক্ষম—যা মোট চাহিদার প্রায় ৫৩ শতাংশ।

অথচ অভিযোগ রয়েছে, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান BSCPLC-কে একপ্রকার নিষ্ক্রিয় ও কোণঠাসা করে মোট চাহিদার ৬০ শতাংশের বেশি ইন্টারনেট ভারত থেকে আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল ক্যাবলের (ITC) মাধ্যমে আমদানি করা হতো।

২০১২ সালে তৎকালীন সরকার আইটিসি লাইসেন্স দেওয়া শুরু করলে মোট ৭টি প্রতিষ্ঠান এই অনুমোদন পায়। যার মধ্যে সিংহভাগ বাজার একাই দখল করে নেয় সামিট গ্রুপ। ভারত থেকে আমদানিকৃত আন্তর্জাতিক ব্যান্ডউইথের প্রায় ৮০ শতাংশই এককভাবে নিয়ন্ত্রণ করত সামিট কমিউনিকেশনস।

সীমান্ত রুট ও রাজনৈতিক আশীর্বাদে গড়ে ওঠা নেটওয়ার্ক

ভারতের মূল ডেটা সেন্টারগুলোর সঙ্গে দ্রুত সংযোগের সুবিধার্থে বেনাপোল-যশোর এবং দর্শনা-চুয়াডাঙ্গা সীমান্তকে প্রধান রুট হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া আখাউড়া, হিলি ও সাতক্ষীরা সীমান্ত দিয়েও কিছু ব্যাকআপ লাইন পরিচালিত হতো।

সামিট কমিউনিকেশনস ভারতের বড় টেলিকম অপারেটরগুলোর (এয়ারটেল, টাটা, জিও) সঙ্গে চুক্তি করে সীমান্তে সংযোগ প্রতিষ্ঠা করে। এরপর নিজস্ব অভ্যন্তরীণ ব্যাকবোন নেটওয়ার্কের মাধ্যমে ঢাকার মূল ডেটা এক্সচেঞ্জ এবং আওয়ামী লীগ সমর্থিত আইআইজি (যেমন—মেটাকোর ও সিডিনেট)-এর রাউটারে ট্রাফিক পাঠাত, যা পরে সাধারণ ভোক্তা ও ব্রডব্যান্ড লাইনে পৌঁছাত। জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারে রাজনৈতিক ক্ষমতাধর একটি গোষ্ঠীর এই একক নিয়ন্ত্রণকে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করে আসছেন।

আওয়ামী ‘টেক ট্রাইও’: লাইসেন্সের নেপথ্যে জয়ের নির্দেশনা ও মালিকানার চিত্র

২০২২ সালে যখন বেসরকারি সাবমেরিন ক্যাবলের জন্য লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তখন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার দাবি করেছিলেন—প্রতিযোগিতা বাড়ানোই সরকারের লক্ষ্য। তবে দেশের শীর্ষস্থানীয় পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য। ২০২০ সালের অক্টোবরে বিটিআরসির এক বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ উপস্থিতিতে এই লাইসেন্স দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। মোট ৬টি প্রতিষ্ঠান আবেদন করলেও বেছে বেছে রাজনৈতিকভাবে প্রভাবশালী ৩টি প্রতিষ্ঠানকেই সাবমেরিন ক্যাবলের লাইসেন্স প্রদান করা হয়:

১. সামিট কমিউনিকেশনস: সামিটের মূল নিয়ন্ত্রক মুহাম্মদ ফরিদ খান ছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ফারুক খানের ছোট ভাই এবং সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু। ২০২৪ সালে শেয়ার হস্তান্তর ফি (৫.৫%) ফাঁকি দেওয়া নিয়ে বিটিআরসির সাথে ঝামেলার সৃষ্টি হয়। গত ২০২৫ সালের আগস্টে দুর্নীতি দমন কমিশন (দুদক) সামিটের চেয়ারম্যান ও সাবেক বিটিআরসি কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে প্রায় ১০ কোটি ২৪ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে মামলা করলে বিটিআরসি টাকা আদায়ে কঠোর হয় এবং সামিট পরবর্তীতে ১০ কোটি ২৪ লাখ টাকা পরিশোধে বাধ্য হয়।

২. সিডিনেট কমিউনিকেশনস: ২০২২ সালের এপ্রিলে গঠিত এই কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত (যিনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ও বিচারধীন)। কোম্পানি গঠনের মাত্র ৫ মাসের মাথায় ২০২২ সালের ১ সেপ্টেম্বর সিডিনেট লাইসেন্স পায়। অনুসন্ধানে জানা যায়, সিডিনেটের ৮০% শেয়ার কেনা হয়েছিল চৌধুরী নাফিজ সরাফাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে এবং ২০% শেয়ার ছিল মোহাম্মদ আলী আরাফাত সংশ্লিষ্ট ওয়েবের মাধ্যমে।

৩. মেটাকোর সাবকম: এই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসেবে নাম আসে রেজওয়ান আহমেদ তৌফিকের, যিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে এবং সাবেক সংসদ সদস্য। অর্থাৎ, প্রতিটি টেক জায়ান্টেরই সরাসরি আওয়ামী উচ্চপর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ ও মালিকানা ছিল।

নীতিগত পরিবর্তন ও এডিবির লোন আটকে যাওয়া

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি বিটিআরসি আইটিসি অপারেটরদের রাজস্বের হার ১% থেকে বাড়িয়ে ৩% করে। একই সাথে নির্দেশ দেওয়া হয়, প্রতিটি আইআইজি (IIG) তাদের মোট ট্রাফিকের সর্বোচ্চ ৫০% এর বেশি যেন আইটিসি সংযোগ থেকে না আনে। এই সিদ্ধান্ত প্রকাশের পরই রাজনৈতিক প্রভাবে প্রতিষ্ঠিত টেক জায়ান্ট মেটাকোর ও সিডিনেট তীব্র অর্থনৈতিক চাপে পড়ে।

ভারতের ওপর কড়াকড়ি আসায় এবং দেশীয় বাজার ধরে রাখতে সামিট, মেটাকোর ও সিডিনেট যৌথভাবে সিঙ্গাপুরভিত্তিক একটি সাবমেরিন ক্যাবল বাংলাদেশে ল্যান্ডিং করানোর উদ্যোগ নেয়। এর জন্য তারা এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) কাছে ১৬ মিলিয়ন ডলার ঋণের আবেদন করে (প্রকল্প নম্বর: ৫৯৩৩৪-০০১)। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তন ও মালিকানায় দুর্নীতি-অসংগতির বিষয়টি স্পষ্ট হওয়ায় এডিবি তাদের কাঙ্ক্ষিত এই ঋণ স্থগিত (ব্লক) করে দেয়।

‘SMW-6’ চালু ও সরকারের সামনে ৩ বড় টাস্ক

দেশের টেলিকম ও ডেটা সেক্টরে শৃঙ্খলার বিষয়টিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান BSCPLC কক্সবাজারে ১৩,০০০ জিবিপিএস সক্ষমতার নতুন সাবমেরিন ক্যাবল ‘SMW-6’ ল্যান্ডিং করানোর কাজ চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে, যা ২০২৭ সালের শুরুতেই চালু হওয়ার কথা রয়েছে। SMW-6 চালু হলে দেশীয় চাহিদার প্রায় পুরোটাই রাষ্ট্রায়ত্ত ক্যাবল থেকে মেটানো সম্ভব হবে এবং ভারত থেকে আইটিসি লাইসেন্সের মাধ্যমে ব্যান্ডউইথ আমদানির প্রয়োজন নাটকীয়ভাবে কমে আসবে।

খাতসংশ্লিষ্টদের মতে, টেলিকম খাতের এই সিন্ডিকেশন ভাঙতে বর্তমান সরকারের সামনে এখন ৩টি জরুরি কাজ রয়েছে:

• SMW-6 ক্যাবল দ্রুত চালুকরণ: কোনো প্রকার বিলম্ব ছাড়া ২০২৭ সালের শুরুতেই SMW-6 চালু করে ব্যান্ডউইথে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও বেসরকারি সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা।

• ২০২২ সালের লাইসেন্স দুর্নীতির তদন্ত: বিটিআরসি ঠিক কোন যোগ্যতাবলে এবং কার কার প্রভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গকে লাইসেন্স দিয়েছিল—সজীব ওয়াজেদ জয় ও তৎকালীন কর্মকর্তাদের ভূমিকা তদন্ত করে সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় আনা।

• আইটিসি কোটা ও রাজস্ব পুনর্বিন্যাস: ভারত থেকে ইন্টারনেট আনা ৭টি আইটিসি লাইসেন্সধারী কোম্পানির সরবরাহ কোটা আরও সীমিত করা এবং জাতীয় ডেটা সিকিউরিটি নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান BSCPLC-র একক নেটওয়ার্ক শক্তিশালী করা।