অন্য পেশায় থেকে সাংবাদিকতা নয়, নিবন্ধনহীন প্রেস ক্লাব অবৈধ: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
তেঁতুলিয়া সংবাদদাদা:
নিবন্ধনহীন প্রেস ক্লাব অবৈধ এবং শিক্ষকতাসহ অন্য কোনো পেশায় নিয়োজিত থেকে সাংবাদিকতা করার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
গত বুধবার (২১ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন—সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল, সহযোগিতায় ছিল তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, “সাংবাদিকতা একটি অত্যন্ত স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। কেবল একটি পদবি বা পরিচয়পত্র থাকলেই কেউ প্রকৃত সাংবাদিক হয়ে যান না। বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, সত্যতা নিশ্চিতকরণ এবং নিরপেক্ষভাবে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরাই একজন সাংবাদিকের প্রধান কাজ।” তিনি সকল সাংবাদিককে পেশাগত আচরণবিধি ও সঠিক নীতিমালা মেনে চলার তাগিদ দেন।
প্রেস ক্লাব ও পেশাগত স্বচ্ছতা নিয়ে তিনি আরও বলেন, “অন্য কোনো মূল পেশায় নিয়োজিত থেকে সাংবাদিক পরিচয়ের অপব্যবহার করলে পেশার স্বচ্ছতা ও সামাজিক গ্রহণযোগ্যতা বিনষ্ট হয়। এছাড়া নিবন্ধনহীন যেকোনো প্রেস ক্লাব সম্পূর্ণ অবৈধ।” সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে থেকে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান এবং সাংবাদিকদের নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর। তিনি বলেন, “সাংবাদিকতার পরিচয় ভাঙিয়ে কেউ যেন ব্যক্তিগত সুবিধা হাসিল বা অপপ্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে পেশাগত নীতিমালা অনুসরণের কোনো বিকল্প নেই।”
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের কাজের যথাযথ মূল্যায়ন ও সুরক্ষার তাগিদ দেন। তিনি মফস্বল সাংবাদিকদের জন্য উপযুক্ত বেতন বা সম্মানী নির্ধারণ এবং প্রেস কাউন্সিল ও তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রতিটি সাংবাদিককে অনন্য ব্যাচ নম্বর সংবলিত ডিজিটাল আইডি কার্ড প্রদানের আহ্বান জানান।








