খাদ্য ব্যবসায় নতুন নিয়ম: পিঠার দোকান থেকে রেস্তোরাঁ—লাইসেন্স ও নিবন্ধন বাধ্যতামূলক

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সর্বস্তরের খাদ্য ব্যবসাকে শৃঙ্খলায় আনতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। এখন থেকে ফুটপাতের পিঠা, পুরি কিংবা পেঁয়াজুর দোকান থেকে শুরু করে বড় রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান—সব ধরনের খাদ্য ব্যবসাকে নিবন্ধনের আওতায় আনা বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি বিএফএসএ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৬ জুলাই সরকারি গেজেটে প্রকাশিত ‘নিফারদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’ অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানসমূহ নিবন্ধন ও লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত ক্ষেত্রে লাইসেন্স বা নিবন্ধন ব্যতিরেকে খাদ্য ব্যবসা পরিচালনা করা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

১৬ শ্রেণির খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক নিবন্ধন

নতুন এ নিয়মের আওতায় মোট ১৬টি নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসা ও স্থাপনাকে নিবন্ধন নিতে হবে। এর মধ্যে রয়েছে:

  • রেস্তোরাঁ, বেকারি, পেস্ট্রি শপ, ফলের রসের দোকান ও ক্যাটারিং প্রতিষ্ঠান।
  • প্যাকেটজাত খাবার, মিষ্টি ও দুগ্ধপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
  • নির্ধারিত খাদ্যপণ্যের আমদারিকারক, পাইকারি মুদি ব্যবসা, কোল্ড স্টোরেজ ও খাদ্য সংরক্ষণাগার।
  • ভোজ্যতেল ও ভোজ্য লবণ উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং রাস্তার পাশের ক্ষুদ্র খাদ্য ব্যবসা (যেমন: পিঠা, পুরি বা পেঁয়াজুর দোকান)।

বিশেষায়িত ও আধুনিক খাদ্যের লাইসেন্স

বিশেষায়িত খাদ্যপণ্য যেমন—স্বাস্থ্য সহায়ক ও সম্পূরক খাদ্য, বিশেষ পথ্য, প্রিবায়োটিক ও প্রোবায়োটিক খাদ্য, নিউট্রাসিউটিক্যাল, শিশুদের ফর্মুলা দুধ এবং নির্দিষ্ট রোগীদের খাবার উৎপাদনের ক্ষেত্রে বিশেষ লাইসেন্স গ্রহণ করতে হবে। এছাড়া জৈব খাদ্য, পুষ্টিসমৃদ্ধ খাদ্য, বংশগত বৈশিষ্ট্য পরিবর্তিত (জিএমও) খাদ্য এবং কিরণ-সম্পাতকৃত খাদ্যের ক্ষেত্রেও সংশ্লিষ্ট নিয়ম মেনে নিবন্ধন ও লাইসেন্স নিতে হবে। আর স্বাস্থ্যগত উপকারিতা বা রোগমুক্তির দাবি সংবলিত খাদ্যপণ্যের ক্ষেত্রে ‘নিরাপদ খাদ্য (বিজ্ঞাপন ও দাবি) প্রবিধানমালা, ২০২৫’ প্রযোজ্য হবে।

আবেদন প্রক্রিয়া ও ফি ব্যবস্থা

বিএফএসএ জানায়, নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর, যা পরবর্তীতে নবায়নযোগ্য।

  • প্রথমবার নিবন্ধন ফি: নির্ধারিত ১৬টি শ্রেণির জন্য প্রথমবার নিবন্ধন সুবিধা বিনামূল্যে প্রদান করা হবে।
  • স্থাপনার লাইসেন্স ফি: বিশেষায়িত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়তন অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে। ১০০ বর্গমিটার বা তার কম আয়তনের প্রতিষ্ঠানের লাইসেন্স ফি ১০,০০০ টাকা এবং ১০,০০০ বর্গমিটারের বেশি আয়তনের ক্ষেত্রে তা ৬০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে জেলা কার্যালয়গুলোতে এ আবেদন জমা নেওয়া হলেও পরবর্তীতে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে চালুর পরিকল্পনা রয়েছে।

প্যাকেটে নিবন্ধন নম্বর ব্যবহার আবশ্যক

নতুন নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নিবন্ধিত প্রতিটি খাদ্যপণ্যের প্যাকেটের গায়ে বিএফএসএ-র নিবন্ধন নম্বর স্পষ্ট করে উল্লেখ করতে হবে। এর ফলে ভোক্তারা সহজে পণ্যের নির্ভরযোগ্যতা যাচাই করতে পারবেন এবং কোনো অভিযোগ থাকলে উক্ত নিবন্ধন নম্বরের সূত্র ধরে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মাধ্যমে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে।