দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা-ভাঙচুর ও চুরির অভিযোগ: পুলিশের তদন্তের স্পষ্টীকরণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সম্প্রতি দেশে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুর্গাপূজা শুরুর পূর্বে দেশের ৩৪টি স্থানে হামলা, প্রতিমা ভাঙচুর এবং মন্দিরে চুরির অভিযোগের সত্যতা যাচাই শেষে স্পষ্টীকরণ ও ব্যাখ্যা প্রদান করেছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ সদর দপ্তর থেকে বাংলাদেশ পুলিশের ফেসবুক ভেরিফাইড পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত ও স্থানীয় তথ্যের ভিত্তিতে প্রকৃত চিত্র তুলে ধরা হয়। উদাহরণস্বরূপ, পাবনার সুজানগর এলাকার একটি মণ্ডপের ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায়, ঘটনার পূর্বে কয়েক দিন ধরে মানসিক ভারসাম্যহীন এক নারী ওই এলাকায় অবস্থান করছিলেন। উক্ত মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেও ওই নারীর মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় সুজানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, বর্তমানে সারাদেশে প্রায় ৩৩ হাজারেরও বেশি পূজামণ্ডপে অত্যন্ত নিরাপদ, নির্ভীক, বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো অপরাধী কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বা যেকোনো ধরণের অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।








