সাবেক দুই সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

বিশেষ প্রতিবেদক | ঢাকা

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কনটেন্ট প্রচারের অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক দুই সেনা কর্মকর্তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ৪ দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।

আদালত সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর আদালত আসামিদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সেই রিমান্ড মেয়াদ শেষে আজ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামিদের দেওয়া তথ্য পর্যালোচনা করা হচ্ছে এবং ষড়যন্ত্র চিহ্নিত করতে পরবর্তীতে আরও রিমান্ড চাওয়া হতে পারে। তাই তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. আতাউর রহমান খান রুকু জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার্স আলফা ১’ এবং ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তহবিল সংগ্রহ ও সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করতেন। এছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার অ্যান্ড পাবলিক পার্লামেন্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আওয়ামী লীগের পুনর্বাসন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, আসামিরা ‘কালআজকাল ডটকম’ নামের পেজ এবং কাজী গুলশান আরার ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও কুৎসামূলক প্রচার চালাচ্ছিলেন। এর আগে, ২০১৮ সালের নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রকাশ্যে আনুগত্য প্রকাশ করে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নামে একটি কমিটি গঠনে গুলশান আরার ভূমিকা ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা দেশি-বিদেশি গুপ্তচরদের সহায়তায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাতে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে কাজী গুলশান আরাকে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বনানী থেকে দেবাশীষকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় পল্লবী থানার পুলিশ পরিদর্শক মো. আলী আকবার বাদী হয়ে দণ্ডবিধি, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলাটি দায়ের করেন। মামলায় আরও প্রায় ১০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।