অননুমোদিত যন্ত্র ও সনদহীন অপারেটর ব্যবহারের অভিযোগ: পপুলার ডায়াগনস্টিকে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বিশেষ প্রতিবেদক | ঢাকা
গুরুতর কারিগরি অনিয়ম ও অননুমোদিত যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সঙ্গে ফাইব্রোস্ক্যান সংক্রান্ত যাবতীয় সেবা ও চুক্তি বাতিল করেছে এর একমাত্র অনুমোদিত পরিবেশক কেএনএস কানাডা (বিডি)। আজ শুক্রবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে পপুলার ডায়াগনস্টিকে সেবা বন্ধ হলেও দেশের অন্যান্য চিকিৎসা কেন্দ্রে এই প্রযুক্তিগত সেবা চালু থাকবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেএনএস কানাডা (বিডি) এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের অভ্যন্তরীণ পর্যালোচনা ও নথিপত্র অনুযায়ী—পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বেশ কয়েকটি শাখায় পুরোপুরি অননুমোদিত ফাইব্রোস্ক্যান মেশিন ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে এই স্পর্শকাতর চিকিৎসা যন্ত্রগুলোর প্রয়োজনীয় ক্যালিব্রেশন (পরিমাপক মান নির্ধারণ) করা হয়নি এবং কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সনদ ছাড়াই অদক্ষ অপারেটরদের দিয়ে রোগীদের পরীক্ষা করানো হচ্ছিল।
লিভারের জটিলতা নির্ণয়ে ফাইব্রোস্ক্যান একটি অত্যন্ত আধুনিক ও সংবেদনশীল চিকিৎসা প্রযুক্তি। চিকিৎসকদের মতে, এই পরীক্ষার ফলাফলের ওপর রোগীর পুরো চিকিৎসা প্রক্রিয়া নির্ভর করে। ফলে পরীক্ষার নির্ভুলতা বজায় রাখতে হলে অনুমোদিত যন্ত্র, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রোব ক্যালিব্রেশনের পাশাপাশি বিশেষভাবে প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত অপারেটর থাকা অপরিহার্য।
কেএনএস কানাডা (বিডি) উল্লেখ করেছে, তারা ২০০৮ সাল থেকে বাংলাদেশে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির মূল প্রস্তুতকারক ফরাসি প্রতিষ্ঠান ‘ইকোসেন্স’-এর একমাত্র এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা এবং রোগীদের সুরক্ষাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। ফলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এমন ঝুঁকিপূর্ণ ও কারিগরি মানহীন পরীক্ষা পরিচালনার বিষয়টি সামনে আসার পর জনস্বার্থেই এই সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, আজ থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে করা কোনো ফাইব্রোস্ক্যান পরীক্ষার পেছনে কেএনএস কানাডা বা ইকোসেন্স-এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদন, কারিগরি সহায়তা কিংবা দেখভাল থাকবে না। ফলে সেখানে করা পরীক্ষার রিপোর্টে কোনো ধরনের ভুল বা অসংগতি দেখা দিলে তার কোনো দায়ভার কেএনএস কানাডা (বিডি) কিংবা ইকোসেন্স বহন করবে না।
রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে কেএনএস কানাডা (বিডি)-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট চিকিৎসক, হাসপাতাল ও সেবাগ্রহীতাদের সতর্ক করা হয়েছে। দেশের যেকোনো কেন্দ্রে ফাইব্রোস্ক্যান পরীক্ষা করানোর আগে ব্যবহৃত মেশিনের বৈধতা, প্রোবের সর্বশেষ ক্যালিব্রেশনের তারিখ এবং অপারেটরের যথাযথ প্রশিক্ষণ ও সনদ আছে কি না, তা নিজ দায়িত্বে যাচাই করে নেওয়ার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।








