রাষ্ট্রবিরোধী প্রচার ও আন্দোলনে উসকানি: ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ প্রতিষ্ঠাতা রুবেল চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

২১ অক্টোবর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী তথ্য প্রচার এবং অস্থিতিশীলতা তৈরির অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের হালিশহর থানার আই-ব্লক এলাকা থেকে গত শনিবার (১৭ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শহিদুল জানিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।

গ্রেপ্তার শহিদুল ইসলাম ফেনীর সদর উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে। তিনি নগরের খুলশী এলাকার জালালাবাদ হাউজিং সোসাইটিতে বসবাস করতেন।

পুলিশ জানায়, শহিদুল নিজেকে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামের একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিতেন। এছাড়া তিনি ‘চট্টগ্রাম দক্ষিণ’, ‘চট্টগ্রাম উত্তর’ ও ‘ফেনী জেলা শেখ হাসিনা ঐক্য পরিষদ’সহ অন্তত ১০ থেকে ১২টি একাধিক সমন্বয়ক হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে কাজ করতেন। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে তিনি বিভিন্ন বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী কনটেন্ট প্রচার করতেন বলেও অভিযোগ রয়েছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরকারবিরোধী ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়িয়ে আসছিলেন।

ওসি আরও জানান, কেবল ডিজিটাল প্ল্যাটফর্মেই নয়, নগরের বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী মিছিল ও ঝটিকা সভা আয়োজনের পেছনেও তার সরাসরি অর্থায়ন ও ইন্ধন ছিল বলে তথ্য পাওয়া গেছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহিদুল ইসলাম ওরফে রুবেলের বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে আগেরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।