তথ্য চুরি ও প্রতারণার ঝুঁকি: ২২টি অননুমোদিত পেমেন্ট প্ল্যাটফর্ম ও ভুয়া লোন অ্যাপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের কড়া সতর্কতা

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

তথ্য চুরি, জালিয়াতি এবং গ্রাহকদের ব্ল্যাকমেইল করার অভিযোগে ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম বা এগ্রিগেটর নিয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি, ভুয়া লোন অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে হয়রানির শিকার করার বিষয়েও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, লাইসেন্স ছাড়াই এসব প্রতিষ্ঠান আর্থিক সেবা ও ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ।

ভুয়া লোন অ্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল ও হয়রানি

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তায় বলা হয়, কিছু ভুয়া লোন অ্যাপ ব্যবহারকারীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও এবং টেক্সট মেসেজ গোপনে চুরি করছে। পরবর্তীতে এসব তথ্য ব্যবহার করে গ্রাহকদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাইভেট ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল, বড় অংকের টাকা দাবি ও চরম হয়রানি করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনুমোদন ছাড়া এ ধরনের মোবাইল অ্যাপের মাধ্যমে লোন প্রদান বা আর্থিক লেনদেন করা সম্পূর্ণ বেআইনি। ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী এই ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ এবং এর জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিহ্নিত ২২টি অননুমোদিত পেমেন্ট প্ল্যাটফর্ম

রবিবার (১৮ অক্টোবর) পৃথক এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক লাইসেন্স ছাড়াই পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের তালিকা প্রকাশ করেছে এবং এসব প্ল্যাটফর্মে লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। প্ল্যাটফর্মগুলো হলো:

১. বহুদূর পে (BohudurPay) ২. জিনি পে (ZiniPay) ৩. পে-টিলার (PayTiller) ৪. বাঙালি পে (BengaliPay) ৫. পেওরা বিডি (Payora BD) ৬. সহজ পে বিডি (SohojPay BD) ৭. ইজি পে ওয়ে (EasyPayWay) ৮. একে পে (AK Pay) ৯. বিডি পে (BD PAY) ১০. সাজঘর পে (ShajgarPay) ১১. আস্থাপে/সিপে (AsthaPay/CPay) ১২. উদ্যোক্তা পে (UddoktaPay) ১৩. ওয়ালেটমিক্স (Walletmix) ১৪. বিটিটি পে (BttPay) ১৫. ইজি পে অটোমেশন (Easy Pay Automation) ১৬. ইউনিক পে বিডি (UniquePay BD) ১৭. বিডি অটো পে (BD AUTO PAY) ১৮. আরএইচ পে বিডি (RH Pay BD) ১৯. ইজি পে (EzePay) ২০. অটোপে লিমিটেড (AutoPay Ltd) ২১. বিশ্বস্ত (Biswasto) ২২. পিপড়া পে (PipraPay)

আইনি বিধান ও শাস্তির হুঁশিয়ারি

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সিস্টেম পরিচালনা বা পেমেন্ট সেবা প্রদান করতে পারবে না। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে একই আইনের ৩৭(১) ধারার অধীনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

অননুমোদিত এসব প্ল্যাটফর্মে নিবন্ধন বা লেনদেন করলে গ্রাহকরাও আইনগত ও আর্থিক ঝুঁকিতে পড়তে পারেন বলে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা।

জনসাধারণের প্রতি পরামর্শ

গ্রাহকদের কষ্টের অর্থ সুরক্ষিত রাখতে এবং আইনি জটিলতা এড়াতে যেকোনো ধরনের অননুমোদিত আর্থিক সেবা, সন্দেহজনক অনলাইন লোন অ্যাপ এবং তালিকাভুক্ত ২২টি পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার বা লেনদেন করা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।