পেশাগত দায়িত্ব পালনই কাল: বিচারের অপেক্ষায় ময়মনসিংহ অঞ্চলের নিহত ৫ সাংবাদিকের পরিবার
এসএস হক:
পেশাগত দায়িত্ব পালন এবং সত্য প্রকাশ করতে গিয়ে ময়মনসিংহ অঞ্চলে গত কয়েক বছরে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, দুর্নীতির চিত্র তুলে ধরা কিংবা অপরাধের ভিডিও ধারণ করার মতো ঘটনায় গুলিতে, ধারালো অস্ত্রের আঘাতে এবং দীর্ঘ শারীরিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে এসব সংবাদকর্মীদের। কিন্তু দীর্ঘ সময় পার হলেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডগুলোর সুবিচার না পাওয়ায় তীব্র ক্ষোভ, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন নিহতদের স্বজনেরা।
অনুসন্ধানে জানা যায়, নিহত এই পাঁচ সাংবাদিক হলেন— নেত্রকোনার দুর্গাপুরের রূপসী বাংলা চ্যানেলের প্রতিনিধি ও ‘ডিটেকটিভ আর্টিকেল’-এর পরিচালক লুৎফুজ্জামান আলিফ ফকির, দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম, ময়মনসিংহের জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন কুমার ভদ্র এবং দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি শেলু আকন্দ।
তথ্য অনুযায়ী, সোমেশ্বরী নদীর বালুঘাট ও স্থানীয় অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে গত ১৫ অক্টোবর রাতে তেলনজিয়া বাজারে গুলি করে হত্যা করা হয় লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। এর আগে ২০২৫ সালের ৭ আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এক মারধরের ভিডিও ধারণ এবং তা মুছতে অস্বীকৃতি জানানোয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে।
একইভাবে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় ২০২৩ সালের ১৪ জুন রাতে নৃশংস হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম; পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়মনসিংহের শম্ভুগঞ্জ ও রঘুরামপুর এলাকার মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের কারণে ২০২৪ সালের ১২ অক্টোবর প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন স্বপন কুমার ভদ্র। এছাড়া ভূমিদস্যু ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় ২০১৯ সালের ১৮ ডিসেম্বর রাতে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাংবাদিক শেলু আকন্দের দুই পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। টানা পাঁচ বছর পঙ্গুত্ব ও শারীরিক যন্ত্রণা ভোগ করার পর ২০২৪ সালের ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
সংবাদকর্মীদের ওপর এমন নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’। সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন, ময়মনসিংহ অঞ্চলে গণমাধ্যম বর্তমানে এক গভীর ক্রান্তিকাল পার করছে। তুহিন, আলিফ, নাদিম, স্বপন ভদ্র ও শেলু আকন্দের মতো সাংবাদিকদের হত্যাকাণ্ড মূলত স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং বাকস্বাধীনতা রুদ্ধ করার শামিল।
এ বিষয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতির (বাসাস) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান খায়রুল আলম রফিক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এই পাঁচ সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে সংক্ষিপ্ত সময়ে বিচার নিষ্পত্তির জোর দাবি জানাচ্ছি।”
সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত আইনি সহায়তার আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি অবিলম্বে এসব হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সাংবাদিক নেতারা।








