সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট, ল্যাব ও প্রশিক্ষণ চালুর উদ্যোগ সরকারের

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

ডিজিটাল প্রযুক্তির প্রসার ও আধুনিকায়নের পাশাপাশি দেশে ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। অপরাধীদের আইনের আওতায় আনতে এবং পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব স্থাপন, বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান এবং স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাইবার অপরাধসংক্রান্ত মামলা তদন্তে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে দেশব্যাপী জোরদার করা হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান সময়ে সাইবার অপরাধের কারণে সমাজে পারিবারিক কলহ, মানসিক বিপর্যয় ও সামাজিক মর্যাদাহানির মতো ঘটনা আশঙ্কাজনকহারে বাড়ছে। অনলাইনে বিভিন্ন ধরনের হয়রানি, হুমকি ও প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগীরা গভীর মানসিক চাপ, ভয় ও হতাশায় ভুগছেন। ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য, ছবি ও ভিডিও ছড়ানোর মাধ্যমে ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে, যা ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া অনলাইন ও মোবাইল ব্যাংকিং এবং ভুয়া লিংকের মাধ্যমে প্রতারকরা সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তথ্যানুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সাইবার অপরাধসংক্রান্ত জিআর ৩২টি ও সিআর ১৫৯টিসহ মোট ১৯১টি মামলা নথিভুক্ত হয়েছে। এই এক বছরের ব্যবধানে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ বলেন, “সাইবার জালিয়াতি, হ্যাকিং ও অনলাইন হয়রানিসংক্রান্ত যেসব মামলা সিআইডিতে আসে, সেগুলোর অত্যন্ত পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ দমনে নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, তদন্ত কর্মকর্তাদের দক্ষ করে তুলতে সাইবার ট্রেনিং সেন্টার, ফরেনসিক ট্রেনিং ইনস্টিটিউট (এফটিআই) এবং ডিটেকটিভ ট্রেনিং স্কুলে (ডিটিএস) প্রশিক্ষণ কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের উদ্যোগে দেশব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কোর্সও চালু রয়েছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “সাইবার অপরাধীদের কঠোরভাবে আইনের আওতায় আনা হচ্ছে। সমাজ থেকে অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, অপরাধ দমনে পুলিশ অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও সক্ষমতা বৃদ্ধির জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে একটি সাইবার ল্যাব চালু রয়েছে। এছাড়া কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি) নতুন ফরেনসিক ল্যাব চালুর অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ স্টাফ কলেজেও মামলা তদন্তের ওপর বিশেষ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়েছে, যার মাধ্যমে প্রশিক্ষিত কর্মকর্তারা মাঠপর্যায়ে তদন্তকারীদের দক্ষতা বৃদ্ধি করবেন।

সাইবার বুলিং ও অনলাইন প্রতারণার শিকার হয়ে অনেক শিক্ষার্থীর পড়াশোনা ও স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেকে চরম মানসিক সংকটে পড়ছেন—এমনটি উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সচেতনতার অভাব, দুর্বল পাসওয়ার্ড ব্যবহার, অপরিচিত লিংকে প্রবেশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশের কারণে সাইবার ঝুঁকির মাত্রা বহুগুণ বেড়ে গেছে।

অনাকাঙ্ক্ষিত সাইবার ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞদের পক্ষ থেকে কিছু জরুরি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে:

১. অপরিচিত বা সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা।

২. অচেনা কাউকে কখনোই পিন, পাসওয়ার্ড বা ওটিপি (OTP) না দেওয়া।

৩. সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি, তথ্য ও ভিডিও শেয়ার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা।