চাঁদাবাজ দমনে পুলিশের নিজ উদ্যোগে মামলার প্রস্তুতি, আইন সংস্কারের আশ্বাস
খুলনা সংবাদদাতা:
চাঁদাবাজদের ভয়ে ভুক্তভোগীরা অভিযোগ করতে না এলেও এখন থেকে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের ও আইনি ব্যবস্থা নিতে পারবে। এ লক্ষ্যে নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যেই এ সংক্রান্ত নতুন আইন বাস্তবায়িত হতে পারে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ লাইন্সে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজিপি বলেন, “চাঁদাবাজদের একটি বড় অংশ প্রভাবশালী ব্যক্তি ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় অপরাধ সংঘটন করে। পরিণতিতে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা ভয়ে সাক্ষ্য প্রদান বা লিখিত অভিযোগ দিতে সাহস পান না। এই অচলাবস্থা দূর করতে পুলিশ যেন নিজস্ব শক্তিতে মামলা করে অপরাধীদের গ্রেপ্তার করতে পারে, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে।”
অপরাধ দমনে পুলিশের দ্বিমুখী চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, “অপরাধীদের কঠোর হস্তে দমন করতে গেলে পুলিশকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দেওয়া হয়, আবার বলপ্রয়োগ না করলে ‘দুর্বল’ বলা হয়। এই দ্বিধা দূর করে একটি শক্তিশালী আইনি কাঠামোর মাধ্যমে দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
দেশে মাদকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশ প্রধান বলেন, “বিগত ১৭ বছরে মাদকের বিস্তৃতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এটিকে সমাজের স্বাভাবিক অনুষঙ্গ বানানোর অপচেষ্টা করা হয়েছে। তবে বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে সারাদেশে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।”
৫ আগস্ট-পরবর্তী সার্বিক প্রেক্ষাপট নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “তৎকালীন পরিস্থিতিতে মাঠে পুলিশের অনুপস্থিতির সুযোগে বিভিন্ন স্থানে সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল। তবে বর্তমানে সারাদেশে পুলিশ পুরোদমে কার্যকর রয়েছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ এবং বেকারত্বসহ নানাবিধ সামাজিক সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব না হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে।”
অপরাধীদের পুনরায় অপরাধে জড়ানো বন্ধে নতুন নীতিগত সিদ্ধান্তের ইঙ্গিত দিয়ে তিনি পুলিশকে মানবিক ও জনবান্ধব করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী।








