কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:
নিজস্ব প্রতিবেদক | ঢাকা 
দুর্নীতির মামলায় বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কাতার পুলিশ। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম আজ এই তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা গেছে, আজ কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।
শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবে তার নামে ২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। শুধু দেশেই নয়, দুদকের অনুসন্ধানে কানাডা ও দুবাইয়েও তার নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য উঠে এসেছে।
একই মামলায় তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, তাহমিদা বেগমের ব্যাংক হিসাবেও ১ কোটি ১৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।
উল্লেখ্য, শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।