হলুদ সাংবাদিকতার লাগাম টানা জরুরি: তথ্যের খণ্ডিত উপস্থাপনায় জনমনে বিভ্রান্তি

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

সম্পাদকীয়

এসএস হক 
সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি ‘ক্লিক’ ও পাঠক টানার অসুস্থ প্রতিযোগিতায় নেমে কিছু গণমাধ্যম সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতা বিসর্জন দিচ্ছে। এর সর্বশেষ উদাহরণ হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বাবদ সরকারি বরাদ্দ নিয়ে বিভ্রান্তিকর ফটোকার্ড প্রচার।
সম্প্রতি কিছু সংবাদমাধ্যম এমনভাবে শিরোনাম ও ফটোকার্ড তৈরি করেছে যেন সরকার কেবল এক বছরের স্কুল ড্রেস দিতেই জনপ্রতি ১০ হাজার টাকা ব্যয় করছে। ডিজিটাল যুগে অধিকাংশ পাঠকই বিস্তারিত সংবাদ না পড়ে ফটোকার্ড দেখে মতামত তৈরি করেন, ফলে এ ধরনের শিরোনাম সাধারণ মানুষের মনে চরম দুর্নীতির ধারণা তৈরি করেছে।
অথচ প্রকৃত তথ্য সম্পূর্ণ ভিন্ন। পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ (পিইডিপি-৫)-এর আওতায় ১ কোটি ৬ লাখের বেশি শিক্ষার্থীকে পোশাক, ব্যাগ, জুতা ও মোজা দিতে পাঁচ বছরে মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৭৫৪ টাকা। অর্থাৎ, এই চারটি সামগ্রীর পেছনে সরকারের বার্ষিক ব্যয় জনপ্রতি মাত্র ১ হাজার ৯৫০ টাকা।
পাঁচ বছরের সামগ্রিক হিসাব এবং চারটি উপকরণের খরচ আড়াল করে সেটিকে এক বছরের কেবল ড্রেসের ব্যয় হিসেবে প্রচার করা স্পষ্ট অপসাংবাদিকতা। অর্ধসত্য বা খণ্ডিত তথ্য দিয়ে জনমনে অহেতুক ক্ষোভ ও বিভ্রান্তি ছড়ানো কোনোভাবেই দায়িত্বশীল গণমাধ্যমের কাজ হতে পারে না।
ফটোকার্ড ও ক্লিকবেইট শিরোনাম তৈরিতে গণমাধ্যমগুলোর আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন। একইসাথে, ডিজিটাল প্ল্যাটফর্মে এ ধরনের হলুদ সাংবাদিকতা ও গুজব রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।