হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ফুটো করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

বিশেষ প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেট (গ্যাসের উপজাত) বহনকারী পাইপলাইন ছিদ্র করে সুকৌশলে তেল চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একটি সংঘবদ্ধ চক্র গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি করেছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা। চুরি করা তেল সংরক্ষণের জন্য মাটির নিচে বিশেষ গোপন ট্যাংকও তৈরি করা হয়েছিল।এ ঘটনায় বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পক্ষ থেকে নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ কয়েকজনকে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকায় জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা তেল চুরির বিষয়টি ধরে ফেলেন। টের পেয়ে সংঘবদ্ধ চক্রের ৫-৬ জন পালিয়ে গেলেও, মূল হোতা সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন নিরাপত্তাকর্মীদের বাধা দেন বলে অভিযোগ ওঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চুরির সরঞ্জাম জব্দ এবং অভিযুক্তের বাড়ি থেকে দুটি বড় ট্যাংক ও মাটির নিচে তেল সংরক্ষণের গোপন গর্তের সন্ধান পায়।

জিটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলাম উদ্দিনের চক্রটি দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছিল, যা জাতীয় গ্রিড ও পরিবেশের জন্য বড় ঝুঁকি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।