ভোলাগঞ্জ–ছনবাড়ী সড়কে ভারী যান চলাচল বন্ধের দাবি, ইউএনও বরাবর আবেদন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে ছনবাড়ী পর্যন্ত গ্রামীণ সড়কে ভারী যানবাহন চলাচল স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়ক ও কালভার্ট রক্ষা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ভোলাগঞ্জ পয়েন্টের ‘বার গেট’ না খোলার অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই দাবিতে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। এতে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, ভোলাগঞ্জ থেকে শাহ আরেফিন টিলা পর্যন্ত সড়কটিতে পাঁচটি বড় সেতু ও কালভার্ট রয়েছে। এর মধ্যে বাবুলনগর এলাকার পরবর্তী একটি ছোট কালভার্ট বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই পথ দিয়ে নিয়মিত ভারী যানবাহন চলাচল করলে কালভার্টটি ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
সড়কটির একাংশ পাকা হলেও বড় একটি অংশ এখনো কাঁচা। স্থানীয়দের ভাষ্যমতে, রাতভর ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের ব্যাপক ক্ষতির পাশাপাশি তীব্র শব্দ ও বায়ুদূষণ হচ্ছে। ধুলাবালির কারণে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এ ছাড়া বর্ষা মৌসুমে ভারী গাড়ির চাপে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়ে কাদা-পানিতে একাকার হয়ে যায়। এতে পায়ে হেঁটে চলাচলও দুঃসাধ্য হয়ে পড়ে।
এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করে। পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইকবাল হুসেন জানান, ভারী গাড়ি চললে রাস্তা নষ্ট হয়ে যায় এবং বর্ষায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভারী যান চলাচল বন্ধ রাখা জরুরি।
১ নম্বর ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজিত দাস বলেন, “প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চলাচল করেন। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এবং জনস্বার্থে বার গেট বন্ধ রাখার বিষয়টি প্রশাসনের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।”
স্থানীয় যুবদল নেতা সোনা মিয়া জানান, গত বছরও ভারী যানবাহনের কারণে সড়কটির বেহাল দশা হয়েছিল। এবারও যেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তাঁরা ইউএনওর কাছে আবেদন করেছেন। ছনবাড়ী গ্রামের অ্যাডভোকেট আলম বলেন, “ছাতক প্রশাসনের কাছে আগে আবেদন করেও স্থায়ী ফল পাওয়া যায়নি। সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারও গাড়ি চলাচল শুরু হয়। ছনবাড়ী থেকে ইছামতী সড়কের পাকা অংশের অস্তিত্ব এখন প্রায় বিলীন।”
জনদুর্ভোগ লাঘব, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং অবকাঠামোর স্থায়িত্ব বিবেচনায় ভোলাগঞ্জ পয়েন্টের বার গেট স্থায়ীভাবে বন্ধ রেখে ভারী যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।








