সিলেটে এক শ্রমিক নেতার অবৈধ ক্রসফিলিং সিন্ডিকেট: এলপিজি গ্যাসের কৃত্রিম সংকটে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি টাকা
বিশেষ প্রতিবেদক:
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সরবরাহ খাতকে জিম্মি করে ফেলেছে এক প্রভাবশালী অসাধু চক্র। সরকারি নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে সাধারণ ভোক্তাদের পকেট কাটছে এই সিন্ডিকেট। একই সঙ্গে বাসাবাড়ির ঝুঁকিপূর্ণ এলাকায় অননুমোদিতভাবে গ্যাসের বোতল থেকে বোতলে গ্যাস স্থানান্তরের (ক্রসফিলিং) মাধ্যমে প্রতি মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্দিষ্ট করে দেওয়া হলেও সিলেটে তা বাস্তবে মানা হচ্ছে না। বর্তমানে খোলা বাজারে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত চড়া দামে বিক্রি হতে দেখা গেছে। অতিরিক্ত দাম ও চরম সংকটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
অনুসন্ধানে জানা গেছে, সিলেট শহরতলীর নাজিরবাজার এলাকায় একটি গোপন আস্তানা গড়ে তুলে দীর্ঘদিন ধরে এই অবৈধ ক্রসফিলিং বাণিজ্য চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের এক প্রভাবশালী নেতা ও তার সহযোগীদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে গোডাউনটি পরিচালিত হয়ে আসছে। সেখানে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির সাশ্রয়ী মূল্যের সিলিন্ডারসহ বিভিন্ন বেসরকারি ব্র্যান্ডের সিলিন্ডার এনে অত্যন্ত বিপজ্জনক উপায়ে গ্যাস অদল-বদল করা হয়।

অভিযোগ রয়েছে, নির্ধারিত দামে বিপণনের জন্য বাজারে আসা সরকারি গ্যাস অসাধু ডিলারদের সহায়তায় সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে নাজিরবাজারের মতো গোপন আস্তানায় সেই গ্যাস প্রক্রিয়াজাত ও পুনর্ভরণ (রিফিল) করে চড়া দামে বাজারে ছাড়া হয়। এই প্রক্রিয়ার ফলেই সিলেটে এলপি গ্যাসের কৃত্রিম সংকট প্রকট রূপ ধারণ করেছে।
ঘনবসতিপূর্ণ লোকালয় ঘেষে পরিচালিত এসব অবৈধ গোডাউনে নেই কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা, নেই পরিবেশ ছাড়পত্র কিংবা বিএসটিআই ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নিরাপত্তা অনুমোদন। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের অগ্নিকাণ্ড বা প্রাণঘাতী বিস্ফোরণের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এ পরিস্থিতিতে অবিলম্বে নাজিরবাজারসহ জেলার অন্যান্য অবৈধ সিলিন্ডার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা এবং অসাধু চক্রটির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে সিলেটে জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।








