ডিউটিতে নেমে গান গেয়ে লাইমলাইটে পুলিশ কর্মকর্তা! পরিণামে ক্লোজড

নিজস্ব প্রতিবেদক, সিলেট
ডিউটিতে থাকাকালীন পুলিশের পোশাক (ইউনিফর্ম) পরে পূজামণ্ডপের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে প্রত্যাহার (ক্লোজড) হয়েছেন এক পুলিশ সদস্য। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁকে প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শাস্তির মুখে পড়া ওই কর্মকর্তা সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত উদয়ন ফারুক।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়। এর পাশাপাশি ঘটনাটির সুষ্ঠু তদন্তে জালালাবাদ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনারকে (এসি) দায়িত্ব দিয়ে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়ার নতুনবাজার এলাকার ‘ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে’ নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। দায়িত্ব পালনকালীন সময়ে পূজা উদযাপন পরিষদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি পুলিশের ইউনিফর্ম পরা অবস্থাতেই মঞ্চে উঠে বিখ্যাত সংগীতশিল্পী জেমসের ‘ওরে ওরে হাওয়ারে’ গানটি পরিবেশন করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়। রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে পোশাক পরা অবস্থায় এমন আচরণকে পেশাগত বিধিমালা ও শৃঙ্খলার লঙ্ঘন হিসেবে বিবেচনা করে তাত্ক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, সরকারি পোশাকে ডিউটিতে থাকা অবস্থায় অন্য কাজে জড়িয়ে পড়া স্পষ্টত দায়িত্ব অবহেলার শামিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে আসার পরপরই তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।








