সিলেট বিমানবন্দর থেকে যুবলীগ নেতা শেখ এহসান আটক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ এহসান আহমদ উজ্জ্বলকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাতে সিলেট বিমানবন্দর দিয়ে সৌদি আরবের উদ্দেশে দেশত্যাগের চেষ্টাকালে বিমানবন্দর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।
আটকের বিষয়ে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন। তবে তাৎক্ষণিকভাবে আটকের সুনির্দিষ্ট কারণ কিংবা কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য প্রদান করা হবে বলে জানিয়েছেন ওসি।
এদিকে উজ্জ্বলের পরিবারের স্বজনরা জানান, বুধবার রাতে ধর্মীয় অনুষ্ঠান ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছিলেন। পরবর্তীতে তারা জানতে পারেন যে, সিলেট বিমানবন্দর থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছে।








