গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ: অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

জে.ডি চক্রবর্তী, সিলেট থেকে–

সিলেটের গোলাপগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ২০ ও ২১ অক্টোবর উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামোহন মন্দির এবং উত্তর ঘোষগাঁওয়ের বনশ্রী যুব সংঘ পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পূজা কেন্দ্র ঘুরে দেখেন তারা।

পরিদর্শনকালে মণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তা ও স্থানীয় ভক্তরা প্রেসক্লাব নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানান। উত্তর ঘোষগাঁও বনশ্রী যুব সংঘের সভাপতি সুজিত দাস ও সাধারণ সম্পাদক সন্তোষ দাসসহ অন্যান্য দায়িত্বশীলদের সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময় করেন সাংবাদিকরা।

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু মিয়ার নেতৃত্বে এই সম্প্রীতি সফরে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু, সাধারণ সম্পাদক হারিছ আলী, সহ-সাধারণ সম্পাদক ওয়াই এম সেলিম, সাংগঠনিক সম্পাদক কামাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন, কোষাধ্যক্ষ মো. শিহাব উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম. এ. মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ, সদস্য মজির উদ্দিন ও খালেদ আহমদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ পর্যবেক্ষণের পর অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, “গোলাপগঞ্জ বরাবরই ধর্মীয় সম্প্রীতির এক নিরাপদ ও অনুকরণীয় জনপদ। বহু বছর ধরে এখানে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। দুর্গোৎসব কেবল একটি সম্প্রদায়ের নয়, এটি পুরো উপজেলার আনন্দ-উৎসব। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক মেলবন্ধন অটুট রাখা এবং মানুষের পাশে দাঁড়ানো সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।”

স্থানীয় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সংবাদকর্মীদের এমন উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময় স্থানীয় পর্যায়ে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পরে মণ্ডপ চত্বরে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।