প্রতি ৩ ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদক, সিলেট:
দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করার অংশ হিসেবে এই উদ্যোগের পাশাপাশি সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নেও একটি করে খেলার মাঠ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (১৯ অক্টোবর) সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের বিজয়ী প্রতিযোগীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান। বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্রীড়া খাতের সার্বিক বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো ও মাঠ নির্মাণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে ক্রীড়ামুখী করতে সরকার নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে। খেলাধুলাকে কেবল আনন্দের মাধ্যম নয়, বরং লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং আমাদের ক্রীড়াবিদদের উপযুক্ত সামাজিক মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, হকি ও টেনিসসহ বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী খেলোয়াড়রা আমাদের জাতীয় সম্পদ। তাঁদের গৌরবোজ্জ্বল অর্জনকে যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুনদের খেলাধুলায় উৎসাহিত করে দেশের ক্রীড়াঙ্গনকে আরও উঁচুতে নিয়ে যেতে হবে।
জাতীয় পর্যায়ে কাবাডি ও ফুটবলে সিলেট বিভাগের ক্রীড়াবিদদের সাফল্যকে বিশেষ অভিনন্দন জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “তাঁদের এই অবিস্মরণীয় অর্জন সমগ্র সিলেটবাসীর জন্য অত্যন্ত গর্বের।” এ সময় তিনি সিলেটে বিদ্যমান ক্রীড়া অবকাঠামোর সংস্কার ও সুবিধা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন এবং কাবাডি খেলোয়াড়দের অনুশীলনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলার আশ্বাস ব্যক্ত করেন। সিলেটের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে ক্রীড়া সংগঠকদেরও দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সংসদ সদস্য এম এ মালিক, সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী।
এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।








