সিলেটে পূজামণ্ডপ পরিদর্শনে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

বিশেষ প্রতিবেদক, সিলেট:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “এ দেশের শান্তি ও সৌহার্দ্য অটুট রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধনকে আরও সুদৃঢ় করার মধ্য দিয়েই দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।”
সোমবার (১৯ অক্টোবর) সিলেট নগরীর বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে শিববাড়ী মন্দিরে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শারদীয় দুর্গাপূজা সার্বজনীন, উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। দেশের সার্বিক ধর্মীয় পরিবেশ বজায় রাখা এবং পূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তর সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
অতীতের স্মৃতিচারণ করে আরিফুল হক চৌধুরী বলেন, “সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নগরবাসীর কাছ থেকে আমি যে ভালোবাসা, স্নেহ ও অকুণ্ঠ সমর্থন পেয়েছি, তা আমার জীবনের অমূল্য সম্পদ।” সিলেটের পাশাপাশি কোম্পানীগঞ্জসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের সুখ-সমৃদ্ধির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার আহ্বান জানান।
তিনি আরও জোর দিয়ে বলেন, সিলেটসহ সমগ্র দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, তা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধা, বৈচিত্র্যের প্রতি সহনশীলতা ও সামাজিক সৌহার্দ্যের মাধ্যমে এই সম্প্রীতিকে আরও মজবুত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে সরকার, দল ও ব্যক্তিগত পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও শুভেচ্ছা জানান।
শিববাড়ী মন্দিরের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন। এছাড়াও স্থানীয় সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ, পূজা দেখতে আসা দর্শনার্থী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।








