সিলেটে কুমারী পূজায় মুগ্ধ ভারতের সহকারী হাইকমিশনার: ‘মনে হচ্ছে কলকাতাতেই আছি’

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

‌

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

বাংলাদেশে শারদীয় দুর্গাপূজার ঐতিহ্যবাহী ও উৎসবমুখর পরিবেশ দেখে গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। বিশেষ করে সিলেটের ঐতিহ্য ও ভক্তদের বাঁধভাঙ্গা উৎসাহ-উদ্দীপনা তাঁকে অভিভূত করেছে। সাম্প্রতিক সময়ে এত সুন্দর ও সুশৃঙ্খল কুমারী পূজার আয়োজন আর কোথাও তাঁর চোখে পড়েনি বলে মন্তব্য করেন তিনি।

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে দক্ষিণ সুরমার জৈনপুরস্থ শ্রীশ্রী মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠ মন্দিরে কুমারী পূজা দেখতে সস্ত্রীক উপস্থিত হন ভারতের সহকারী হাইকমিশনার। সোমবার (১৯ অক্টোবর) সকাল আটটায় ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ আর শঙ্খধ্বনির সঙ্গে পুরোহিতের মন্ত্রপাঠে সূচনা হয় এই ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতার। সকাল ১০টায় কুমারী দেবীর অধিষ্ঠান ও অন্যান্য ধর্মীয় আচার শেষ হয়। উল্লেখ্য, এটি সিলেটে আয়োজিত দ্বিতীয় কুমারী পূজা।

পূজার সার্বিক আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে অনিরুদ্ধ দাস বলেন, “বাংলাদেশের দুর্গাপূজার মহিমার কথা আগে অনেক শুনেছি। এবার নিজ চোখে তা দেখার সুযোগ হলো। বিশেষ করে সিলেটের পূজার একটি আলাদা সুনাম রয়েছে।” তিনি জানান, আগের দিন থেকেই তিনি সিলেটের পূজা মণ্ডপগুলো ঘুরে দেখছেন। বাংলাদেশে প্রথমবার অবস্থান করে এমন একটি পূজায় সস্ত্রীক অংশগ্রহণ করাকে তিনি একই সাথে আনন্দ ও সম্মানের বিষয় হিসেবে দেখছেন।

অনুরূপ অনুভূতি প্রকাশ করে সহকারী হাইকমিশনারের স্ত্রী সুমনা দাস বলেন, “শ্রীশ্রী মহালক্ষ্মী গ্রীবা শক্তিপীঠে এত বড় আয়োজনে প্রথমবার কুমারী পূজা দেখে আমি অভিভূত। ভক্তদের শ্রদ্ধা ও আবেগ দেখে মনে হচ্ছে আমি কলকাতাতেই আছি, কোনো ঘাটতি অনুভব করছি না।”

এদিকে সকালে সরেজমিনে দেখা যায়, মহাসপ্তমী পার করে অষ্টমীর ভোরে জৈনপুরের মহালক্ষ্মী মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে। পূজা শুরুর আগেই মন্দির প্রাঙ্গণ ছাড়িয়ে আশেপাশের এলাকা লোকারণ্য হয়ে ওঠে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্যের সহধর্মিণী দিনারা মালিক। ভক্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করে শ্রীশ্রী মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন জানান, স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে।

প্রসঙ্গত, সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নারীদের মধ্যে লুকিয়ে থাকা মহামায়ার পরম শক্তিকে শ্রদ্ধা জানাতেই মহাষ্টমীতে এই কুমারী পূজার আয়োজন করা হয়, যা সমাজে মাতৃশক্তি ও নারীর প্রতি পরম সম্মানের বার্তা পৌঁছে দেয়।