ওসমানীনগর ও বিশ্বনাথের ৬০ মণ্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৪ লাখ টাকার উপহার
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার ৬০টিরও বেশি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার লাখ টাকার শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের ব্যক্তিগত তহবিল থেকে এই আর্থিক অনুদান ও শারদীয় শুভেচ্ছাবার্তা প্রদান করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে আজারবাইজান, ইরাক ও আলজেরিয়ায় অবস্থান করায় তাঁর পক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই উপহার সামগ্রী বিতরণ করেন। গত শনি ও রবিবার পর্যায়ক্রমে দুই উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে এই শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এর পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও ওসমানীনগর ও বিশ্বনাথের প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল এবং দুই উপজেলার দুস্থদের মাঝে বিতরণের জন্য সর্বমোট ৩০০টি শাড়ি উপহার হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নেওয়া রাজনৈতিক ও সরকারি এই উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।








