সিলেটে প্রকৌশলীকে হুমকি: মামলা করার পরামর্শ পুলিশের, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি বিএনপির

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:
নিজস্ব প্রতিবেদক | সিলেট

সিলেটে এক প্রকৌশলীর ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) নিয়মিত মামলা হিসেবে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনায় ভুক্তভোগী প্রকৌশলীকে থানায় সরাসরি লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ধরনের গুরুতর অভিযোগ শুধু সাধারণ ডায়েরির মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব নয়। তাই ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ওসির সঙ্গে কথা বলার পর ভুক্তভোগী প্রকৌশলী শাহীন হোসেন জানান, দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তিনি দ্রুতই থানায় আনুষ্ঠানিক লিখিত অভিযোগ বা মামলা দায়ের করবেন।
এদিকে এ ঘটনায় দলীয় নেতার জড়িত থাকার অভিযোগ ওঠায় কঠোর অবস্থান প্রকাশ করেছে বিএনপি। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিএনপির কোনো নেতার এ ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ নেই। যিনি এই কাজ করেছেন, তিনি একজন অপরাধী।
নাসিম হোসাইন আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবেও সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।