সিলেটে শ্রুতির ২৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য শরৎ উৎসব: ইট-পাথরের নগরে শুভ্রতার ছোঁয়া
নিজস্ব প্রতিবেদক | সিলেট
যান্ত্রিক জীবনের কোলাহল আর ইট-পাথরের ব্যস্ততার মাঝে নগরবাসীর মনে শরতের শুভ্রতা ও প্রকৃতির আমেজ ছড়িয়ে দিল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি সিলেট’। সংগঠনটির রজত জয়ন্তী (২৫ বছর) পূর্তি উপলক্ষ্যে গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শরৎ উৎসবের। অর্ধদিবস ব্যাপী এই নান্দনিক আয়োজন নগরজীবনে নিয়ে আসে এক টুকরো অপার প্রশান্তি।
উৎসবের দিন মুক্তমঞ্চ প্রাঙ্গণে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। নীল-সাদা শাড়িতে নারীদের ফুলের সাজ, আর নাচে-গানে চলে শরতের বন্দনা। মূল আয়োজনে ছিল গান, কবিতা, নৃত্য ও ‘শরৎ কথন’ পর্ব, যেখানে বাংলাদেশের অনন্য ঋতুবৈচিত্র্য ও প্রকৃতি সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
শ্রুতি সিলেটের সদস্যসচিব সুকান্ত গুপ্তের স্বাগত বক্তব্যের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। উদ্বোধনী পর্বে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য নজরুল সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, নন্দিত আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, রবীন্দ্র সংগীত শিল্পী রানা কুমার সিনহা, নাট্যব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, নীলাঞ্জন দাশ টুকু, প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী রাজু, লোক গবেষক সুমন কুমার দাশ, আবদুল করিম কিম এবং শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্ত। পরবর্তীতে সাংস্কৃতিক পর্বে অতিথি হিসেবে যোগ দেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।
আলোচকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সোনালি রোদ্দুর, রাতের জ্যোৎস্না আর নদীতীরে শুভ্র কাশফুলের অপরূপ শোভা নিয়ে আসে শরৎ। শ্রুতি সিলেট গত ২৫ বছর ধরে আলোর মিছিল, বর্ণমালার মিছিল, পিঠা উৎসব, বর্ষবরণ, বর্ষা ও শরৎ উৎসবের মতো নানামুখী আয়োজনের মাধ্যমে আবহমান বাংলার সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে। এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগ একটি মানবিক বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবের সাংস্কৃতিক পর্বটি ছিল বেশ প্রাণবন্ত। এতে সমবেত নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করে আয়োজক সংগঠন শ্রুতি সিলেটসহ গীতবিতান বাংলাদেশ, নৃত্যশৈলী, নৃত্যরথ, ললিত মঞ্জরী, সুরের ভুবন, পরম্পরা ও সুর সপ্তক-এর শিল্পীবৃন্দ। এছাড়া একক পরিবেশনায় অংশ নেন বিশিষ্ট শিল্পী শামীম আহমেদ, প্রদীপ মল্লিক, ইকবাল শাঁই, খোকন ফকির, লিংকন দাশ, আশরাফুল ইসলাম অনি, অরুনিমা দাশ এবং গোলাম কিবরিয়া শিমুল।
সবশেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই আনন্দঘন ও নান্দনিক শরৎ উৎসবের সমাপ্তি ঘটে।








