ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেঁসে গেলেন পাথর ব্যবসায়ী, পুলিশ বলছে ‘আত্মসমর্পণ’
কোম্পানীগঞ্জ সংবাদদাতা | সিলেট
সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে জুবায়ের আহমদ নামে এক পাথর ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। তবে পুলিশের দাবি, ওই যুবক থানায় ‘আত্মসমর্পণ’ করেছেন।
আটক জুবায়ের আহমদ উপজেলার কলাবাড়ি গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন পাথর ব্যবসায়ী।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার জুবায়ের আহমদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর একটি ছবি যুক্ত করে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘১২ তারিখ নির্বাচনের পর ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদয় আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।’ মূলত বন্ধ থাকা পাথরমহালগুলো খুলে দেওয়ার দাবি থেকেই তিনি এই ক্ষোভপ্রকাশ করেন।
এই পোস্টের জেরে মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর ও সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল জুবায়েরকে থানায় ডেকে এনে পুলিশের হাতে তুলে দেন। এরপরই পুলিশ তাকে নিজ হেফাজতে নেয়। আটকের পর থেকে জুবায়েরের ফেসবুক আইডিতে ওই পোস্টটি আর দেখা যাচ্ছে না। জুবায়েরকে থানায় সোপর্দকারী বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি এবং ‘বিষয়টি পুলিশ দেখছে’ বলে জানান।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেসবুক স্ট্যাটাসের কারণেই জুবায়ের আহমদকে থানায় নিয়ে আসা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর তাকে আত্মসমর্পণ করাতে নিয়ে এসেছিলেন।
কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য কেন ‘আত্মসমর্পণ’ বা আটক করা হলো—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, “আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি, এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। তার মোবাইল ফোন অন্য কেউ ব্যবহার করেছে কি না বা এর পেছনে অন্য কোনো বিষয় আছে কি না, তা আইন মোতাবেক যাচাই করা হচ্ছে।”
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, জুবায়েরের বিরুদ্ধে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি এবং তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও চাপা উত্তেজনা বিরাজ করছে।








