সিলেটে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স: কোয়ার্টার থাকা সত্ত্বেও শহরে বাসা, চিকিৎসকদের দেরিতে আসার অভিযোগ, দুর্ভোগে রোগীরা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চিকিৎসা না পেয়ে চরম দুর্ভোগে পড়ছেন দূরদূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা। বিশেষ করে শিশু ও নবজাতকদের নিয়ে আসা অভিভাবকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
অনুসন্ধানে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ও ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন চিকিৎসক নিয়মিত নির্দিষ্ট সময়ে হাসপাতালে উপস্থিত হন না। সকাল ৮টায় অফিসিয়াল কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও অনেক চিকিৎসককে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে কর্মস্থলে যোগ দিতে দেখা যায়।
সম্প্রতি সরেজমিনে বহির্বিভাগে গিয়ে দেখা যায়, চিকিৎসকের অপেক্ষায় রোগীদের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এক ভুক্তভোগী অভিভাবক জানান, সকাল ৮টা ৪০ মিনিটে নবজাতক সন্তানকে নিয়ে সেবা নিতে এলেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও চিকিৎসকের দেখা পাননি তিনি। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসকদের এই দেরিতে আসা এবং নির্ধারিত সময়ের আগেই কক্ষ ত্যাগ করার প্রবণতা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ডা. জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, তাঁর দায়িত্বের সময় সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং তিনি নিয়মিত সেবা দেওয়ার চেষ্টা করেন। তবে সিলেট শহরে বাসা হওয়ায় সঠিক সময়ে পৌঁছানো সম্ভব হয় না বলে জানান তিনি। অথচ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই চিকিৎসকের জন্য হাসপাতাল প্রাঙ্গণেই একটি আবাসিক কোয়ার্টার বরাদ্দ রয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান নয়ন বলেন, “নির্দিষ্ট এক চিকিৎসকের বিরুদ্ধে আসা অভিযোগটি তদন্ত করে দেখা হবে। তিনি নির্ধারিত সময়ে উপস্থিত হচ্ছেন কি না তা যাচাই করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, চিকিৎসাসেবার পাশাপাশি দাপ্তরিক বিভিন্ন অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। এছাড়া জনবলসংকটের কারণেও অনেক সময় সেবা প্রদানে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়।
স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি স্বাস্থ্যসেবার মান অটুট রাখতে চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় সাধারণ মানুষের চিকিৎসাপ্রাপ্তি আরও বাধাগ্রস্ত হবে এবং সরকারি স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা কমে যাবে।








