ড্রেজারের পেটে জাফলং: ইজারাবহির্ভূত পয়েন্টে চলছে বালু লুটের মহোৎসব
টাস্কফোর্সের অভিযানে ১৩ মেশিন ধ্বংস
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সরকারি নিয়মনীতি ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন ও পরিবেশগতভাবে সংবেদনশীল জাফলংয়ে চলছে নির্বিচারে বালু লুটের মহোৎসব। ইজারাবহির্ভূত ও পরিবেশগতভাবে সংকটাপন্ন (ECA) বিভিন্ন পয়েন্টে ড্রেজার ও পরিবেশবিধ্বংসী শ্যালো মেশিন বসিয়ে দিন-রাত অবাধে চলছে এই অপরাধযজ্ঞ। যান্ত্রিক উপায়ে চলা এই বালু উত্তোলনের ফলে একদিকে যেমন সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব, অন্যদিকে তীব্র নদীভাঙনে ভিটেমাটি ও পৈতৃক ফসলি জমি হারিয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট প্রকাশ্যেই জাফলংয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। পরিবেশ ধ্বংসের এই তাণ্ডবের কারণে নদী তীরবর্তী ও সংলগ্ন ফসলি জমিগুলো ড্রেজারের পেটে চলে যাওয়ার উপক্রম হলেও দীর্ঘদিন ধরে তারা ছিল ধরাছোঁয়ার বাইরে।
অবশেষে টাস্কফোর্সের অভিযান
পরিবেশ ধ্বংসকারী এই অপরাধের লাগাম টানতে অবশেষে মাঠে নামে প্রশাসন। অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (২৪ অক্টোবর) জাফলংয়ের ইসিএভুক্ত বালির হাওরে যৌথ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ও টাস্কফোর্স।
দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৩টি লিস্টার মেশিন (ড্রেজার ও শ্যালো মেশিন) জব্দ করার পর তা সম্পূর্ণ ভেঙে ও পুড়িয়ে অকার্যকর করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ, তামাবিল পুলিশ ফাঁড়ির সদস্য এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযানের বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মন্ডল বলেন, “অবৈধ বালু ও পাথর উত্তোলন রোধে উপজেলা প্রশাসনকে পুলিশ সর্বাত্মক আইনগত সহায়তা প্রদান করে আসছে। রাতের আঁধারে বা গোপনে যারা এ ধরনের ধ্বংসাত্মক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করা হচ্ছে। সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের কঠোর আইনের আওতায় আনা হবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, জাফলংয়ের পরিবেশ রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং সরকারি সম্পদ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ও আইনি পদক্ষেপ নিয়মিত অব্যাহত থাকবে।








