খাদিম নগরে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটের এয়ারপোর্ট থানাধীন মংলিপার এলাকায় মাদক নির্মূল ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে এক প্রতিবাদী ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক বিক্রি ও এর বিস্তার রোধে স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি প্রশাসনের সাথে সমন্বয় রেখে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) খাদিম নগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মংলিপারের যুবসমাজের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা জোর দিয়ে বলেন, একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে তরুণ প্রজন্ম, স্থানীয় মুরুব্বি ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এলাকায় মাদক কারবারে যুক্ত ব্যক্তিদের তথ্য প্রশাসনকে সরবরাহ করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপে সহায়তা করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
নতুন বাজার জামে মসজিদের মুতওয়াল্লি হাবিবুর রহমান পংকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলিপার জামে মসজিদের মুতওয়াল্লি হাজী মোহাম্মদ জুনেদ আহমেদ। খাদিমনগর ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়শলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আজাদ আহমেদ সাদ, স্থানীয় মুরুব্বি হাফিজ উদ্দিন, কফিল উদ্দিন কফু, বাবুল আহমেদ এবং ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমান জিল্লু।
এছাড়াও গোলাম মওলা রাজন, সাজিদুল ইসলাম সাজু, শামীম আহমেদ, জাহিদুল ইসলাম সানি, সোহেল আহমেদ সোহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সমাপনী বক্তব্যে বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে মংলিপার এলাকাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।








