সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও অনাচারের অভিযোগে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৭ জন বহিষ্কৃত

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, সিলেট 

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, অসদাচরণ এবং আর্থিক লেনদেনের বিনিময়ে পদ বাণিজ্যসহ সংগঠনবিরোধী নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন নেতা-কর্মীকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থাকার কারণে পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকেও একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ (তারিখ দ্রষ্টব্য) সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সেলিম আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগসহ দেশে-বিদেশে অবস্থানরত সকল নাগরিক ও জেলা-উপজেলা নেতৃবৃন্দের অবগতির জন্য এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির কতিপয় সদস্য দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পদ-পদবী টাকার বিনিময়ে বণ্টনসহ নানা ধরনের অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। সংগঠনের সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান তাদের একাধিকবার মৌখিকভাবে সতর্ক করে এসব অসৎ কার্যক্রম থেকে সরে আসার অনুরোধ জানান। তবে তারা সতর্কবার্তা উপেক্ষা করে সভাপতির বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য ও সংগঠনবিরোধী তৎপরতা অব্যাহত রাখেন। পরবর্তীতে পরিষদের সুনাম ও ঐতিহ্য রক্ষার্থে কেন্দ্রীয় কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তাদের বিরুদ্ধে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন:

১. মুসলেহ উদ্দিন

২. মনোরঞ্জন তালুকদার

৩. শ্যামল চৌধুরী

৪. শফিকুর রহমান

৫. আমিরুল ইসলাম চৌধুরী হিয়া

৬. রুহুল ইসলাম মিঠু

৭. ইউসুফ সেলু

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো যৌক্তিক কারণ ছাড়া দীর্ঘ দিন কেন্দ্রীয় কার্যালয়ে অনুপস্থিত থাকায় সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্করকে পূর্বেই তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। বর্তমানে তার স্থানে নুরুল আমিন চৌধুরীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

পরিষদের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে জানানো হয়, বহিষ্কৃত ব্যক্তিদের সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন বা সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়ার জন্য সাধারণ নাগরিক ও প্রবাসীদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। তাদের ব্যক্তিগত বা অসামাজিক কোনো কর্মকাণ্ডের দায়ভার সিলেট বিভাগ গণদাবি পরিষদ বহন করবে না।

উল্লেখ্য, সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে গত ৪০ বছর ধরে গণদাবি পরিষদ অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। সংগঠনটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কায়েমি স্বার্থে ব্যবহারের জন্য গঠিত নয়। জন্মলগ্ন থেকেই পরিষদের একমাত্র কেন্দ্রীয় কার্যালয় সিলেটের জিন্দাবাজারস্থ পুরানলেনের ৫৩ সমবায় ভবনের ২য় তলায় পরিচালিত হয়ে আসছে।