সুনামগঞ্জে বিজিবির অভিযানে পৌনে ৩ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। উদ্ধারকৃত এসব মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। রবিবার (১৮ অক্টোবর) ভোরে জেলার সদর ও তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে এই মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের পেচাকোণা এলাকায় অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ১২২৩-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে ৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
একই সময়ে জেলার তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর এলাকায় অন্য একটি আভিযানিক দল অভিযান চালায়। সেখানে সীমান্ত পিলার ১২০৪/৮-এর কাছাকাছি এলাকা থেকে ২৪ বোতল মদ উদ্ধার করা হয়।
এ ছাড়া তাহিরপুরের ৪ নম্বর বড়দল ইউনিয়নের চাঁনপুর বিওপির বিজিবি সদস্যরা ১২০২/৪ নম্বর পিলারের নিকটবর্তী বারিকের টিলা নামক স্থানে অভিযান চালিয়ে আরও ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেন। তিনটি অভিযানে মোট ১৯১ বোতল মদ উদ্ধার করা হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদক সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।








