শাবিপ্রবিতে ৩ কর্মকর্তার নিয়োগ বাতিল, সড়ক সংস্কারে অনিয়ম তদন্তে কমিটি

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:
বিশেষ প্রতিবেদক, সিলেট:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৩ কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে প্রকৌশল দপ্তরের ২ জন কর্মকর্তা রয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারে ৮৭ লাখ টাকা ব্যয়ের বিষয়ে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সভায় উপস্থিত এক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।
সিন্ডিকেট সূত্র জানায়, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. জয়নাল আহমেদ চৌধুরী এবং প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস। একই সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের ব্যয় নিয়ে ওঠা প্রশ্ন খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গঠিত এই তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. রবিউল ইসলামকে সভাপতি এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—সিন্ডিকেট সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শহিদুর রহমান। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।