চেলা নদীতে অবৈধ বালু লুট: নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা



সুনামগঞ্জ সংবাদদাতা | সিলেট
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদীর সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রভাবশালী কয়েকটি চক্রের বিরুদ্ধে এই অবৈধ বালু লুটের অভিযোগ উঠলেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বালু উত্তোলনের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকলেও প্রশাসনের দায়ের করা মামলায় শিক্ষক, জনপ্রতিনিধিসহ একাধিক নিরপরাধ সাধারণ মানুষকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সোনাপুর ও পূর্ব সোনাপুর (মরা চেলা) এলাকায় প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে নদীর পাড় কেটে অবাধে বালু উত্তোলন ও বিভিন্ন স্থানে মজুত করা হচ্ছে। এর ফলে নদীর পাড় ও আশপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। মাঝেমধ্যে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালালেও তা কেবল মাঠপর্যায়ের সাধারণ শ্রমিকদের আটক বা ছোট নৌকা জব্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এই অবৈধ ব্যবসার মূল অর্থায়নকারী, নিয়ন্ত্রক ও বিপণনকারীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান বা কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মুহাইমিনুল হক বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। অনুমোদন ছাড়া বালু উত্তোলনের অভিযোগে দায়ের করা এই মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তবে এই মামলা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যারা অতীতে প্রতিবাদ করেছিলেন, তাঁদের অনেককেই এই মামলায় আসামি করা হয়েছে।
মামলার আসামি সোনাপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, “আমি একটি মাদ্রাসার নিয়মিত শিক্ষক এবং ইছামতী বাজারে আমার একটি ফার্মেসি রয়েছে। শিক্ষকতার বাইরে বাকি সময় সন্তানদের নিয়ে ফার্মেসি পরিচালনা করি। নদী থেকে বালু উত্তোলনের সঙ্গে আমার বা আমার পরিবারের দূরতম কোনো সম্পৃক্ততা নেই। অথচ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এই মামলায় জড়ানো হয়েছে।”
জহুর মিয়া নামের অপর এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, “মামলায় অভিযুক্তদের অনেকেই সম্পূর্ণ নিরপরাধ। শিক্ষক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। আমরা নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
স্থানীয়দের আরও অভিযোগ, প্রশাসনের অভিযানের খবর আগেই বালু খেকো চক্রের কাছে পৌঁছে যায়। ফলে মূল অপরাধীরা আগেই সরে পড়ে এবং কেবল দিনমজুর শ্রমিকেরা ধরা পড়ে। নদী থেকে উত্তোলিত বালু কয়েক কিলোমিটার দূরে বিভিন্ন ডাম্পিং পয়েন্টে অবৈধভাবে স্তূপ করে রাখা হলেও সেখানে কোনো কার্যকর অভিযান চালানো হচ্ছে না। এসব চক্রের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের পদধারী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে দাবি সাধারণ মানুষের।
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মুহাইমিনুল হক জানান, স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগ ও সরেজমিন পরিদর্শনের ভিত্তিতেই মামলাটি দায়ের করা হয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, “তদন্তাধীন এই মামলায় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ রাখা হবে। এজাহারের বাইরেও যদি তদন্তে প্রকৃত বালু উত্তোলনের সঙ্গে জড়িত কারও নাম আসে, তবে চার্জশিটে তাদের অন্তর্ভুক্ত করা হবে।”
চেলা নদীর অস্তিত্ব রক্ষা এবং ডাম্পিং পয়েন্টে অবৈধভাবে মজুত করা বালু জব্দের পাশাপাশি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।








