প্লাস্টিকের বস্তায় বস্তাবন্দি অস্ত্র, শাহপরাণে উদ্ধার করল এসআরবি-৯

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

ছবি: এসআরবি-৯

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেইট এলাকার একটি রাবার বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে শাহপরাণ (রহ.) থানার খাদিমপাড়া ইউনিয়নের পশ্চিম দলইপাড়া এলাকার একটি রাবার বাগানে এ অভিযান পরিচালিত হয়।

এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাবার বাগানের ভেতরে এক বিশেষ তল্লাশি অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলটি। তল্লাশিকালে বাগানের ভেতরের ঝোপঝাড়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় পরিত্যক্ত অস্ত্রগুলো দেখতে পান সদস্যরা। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র এবং দুটি এয়ারগানের মধ্যে একটির বাট অনুপস্থিত ছিল। তবে অভিযানকালে ঘটনাস্থলে অস্ত্রগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯-এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করতে এসআরবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।