সভাপতি ও দপ্তর সম্পাদক বহিষ্কৃত: সিলেট বিভাগ গণদাবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোছলেহ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, অসদাচরণ এবং একক সিদ্ধান্ত গ্রহণের অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান ও দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদকে পদ ও সংগঠন থেকে অপসারণ করা হয়েছে। একই সাথে সিনিয়র সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সমাজকল্যাণ সম্পাদক মো. সফিকুর রহমানকে দপ্তর সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় সিলেট নগরীর আম্বরখানাস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন—সহ-সভাপতি মো. বেলালে উদ্দিন ও বাবু শ্যামল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মনোরঞ্জন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ সেলু এবং সমাজকল্যাণ সম্পাদক (অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা) মো. সফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, “অপসারিত সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান সংগঠনের দায়িত্বশীলদের সাথে শিষ্টাচারবহির্ভূত আচরণ, পূর্ণাঙ্গ কমিটি গঠনে অনীহা এবং সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটিকে অবজ্ঞা করে একক সিদ্ধান্ত নিচ্ছিলেন। তিনি ব্যক্তিস্বার্থ হাসিলে সংগঠনকে ব্যবহার করছিলেন, যা সরাসরি গঠনতন্ত্রের পরিপন্থী।”
নেতৃবৃন্দ আরও জানান, কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া এককভাবে কার্যক্রম পরিচালনার অপরাধে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে এসব অনিয়মে প্রত্যক্ষ সহযোগিতার দায়ে দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদকেও বহিষ্কার করা হয়। ফলে এখন থেকে সংগঠনের কোনো প্রকার কার্যক্রমে তাদের অংশগ্রহণের আর সুযোগ থাকবে না।
সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্ত:
-
কমিটি পুনর্গঠন: আগামী কয়েকদিনের মধ্যে একটি সাধারণ সভার মাধ্যমে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
-
প্রবাসী শাখাগুলোর প্রতি নির্দেশনা: পর্তুগাল শাখা, যুক্তরাজ্য শাখা এবং ফ্রান্স আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে বহিষ্কৃত সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ রক্ষার আহ্বান জানানো হয়েছে।








