নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা ও দোয়ারাবাজারে হামলায় সুনামগঞ্জে মানববন্ধন
সুনামগঞ্জ সংবাদদাতা
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে নির্মমভাবে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ মোত্তালিব ভূইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি ও দৈনিক খবরপত্রের সুনামগঞ্জ প্রতিনিধি আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সহ-সভাপতি ও ইউএনবি প্রতিনিধি অরুন চক্রবর্তী, এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী।
প্রতিবাদ সভায় সংহতি জানিয়ে বক্তব্য দেন জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, বিএনপি নেতা আব্দুল করিম পাঠান ও হেলাল আহমদ জুয়েল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম লাল মিয়া, গুরুতর আহত জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি গীতিকার মোছায়েল আহমদ, মানবাধিকার কর্মী মোসাদ্দেক আলী, কবি রেজাউল করিম এবং অনলাইন এম টিভির জেলা প্রতিনিধি ইফতিয়াক সুমন।
এছাড়াও সংগঠনের সহ-দপ্তর সম্পাদক কে এম শহিদুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য শামছুল আলম আখঞ্জি টিটুসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য উপস্থাপন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গীতিকার আব্দুল হান্নান, সংগঠনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ রমজান, মানবাধিকার বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, সহ-মহিলা বিষয়ক সম্পাদক তাহমিদা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য হোসাইন মাহমুদ শাহীন, সাংবাদিক প্রীতম দাস, কিশাল শেখর দাস, মোঃ তৈয়বুর রহমান, অমিত তালুকদার, এরশাদুল হক, সালমান ফারসী, মোঃ কামাল পাশা, মোঃ শরিফ উদ্দিন, আতাউর রহমান, জুলাইযোদ্ধা রহমত আলী, কবি আপন আনোয়ার ও ক্যামেরা পার্সন শরীফ আহমেদ আকাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
মানববন্ধনে বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি জোর দাবি জানিয়ে বলেন, “সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের আগামী ৪০ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে দোয়ারাবাজারে সাংবাদিক এম.এ মোত্তালিব ভূইয়ার ওপর হামলাকারীদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
বক্তারা সংবাদপত্রের সার্বিক পরিস্থিতি তুলে ধরে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি পেশ করেন। যার মধ্যে রয়েছে:
-
অবিলম্বে সাংবাদিকতা পেশাকে জাতীয়করণ করা,
-
সরকারি বিজ্ঞাপন বণ্টনে অনিয়ম ও বৈষম্য দূর করা,
-
‘পোষ্য সাংবাদিকতা’র সংস্কৃতি বন্ধ করা,
-
গণমাধ্যমকর্মীদের সার্বিক নিরাপত্তায় ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন করা, এবং
-
মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের ন্যূনতম পারিশ্রমিক দিতে ব্যর্থ মিডিয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।








